শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

নতুন সঞ্চালন লাইন, ময়মনসিংহের বিদ্যুৎ সংকট কমার আশা

নতুন সঞ্চালন লাইন, ময়মনসিংহের বিদ্যুৎ সংকট কমার আশা...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:০১ পিএমসর্বশেষ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:০১ পিএম
নতুন সঞ্চালন লাইন, ময়মনসিংহের বিদ্যুৎ সংকট কমার আশা

গাজীপুরের কালিয়াকৈর থেকে ময়মনসিংহের শম্ভুগঞ্জ পর্যন্ত নতুন ৪০০ কেভি সঞ্চালন লাইন এবং একটি গ্রিড উপকেন্দ্র চালু করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে তীব্র লোডশেডিং ও নিম্ন ভোল্টেজের সমস্যায় ভোগা অঞ্চলটিতে বিদ্যুৎ সঞ্চালনের সক্ষমতা বেড়েছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাওয়ার গ্রিড নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় ৯৭ কিলোমিটার দীর্ঘ ডাবল সার্কিট সঞ্চালন লাইন এবং শম্ভুগঞ্জ গ্রিড উপকেন্দ্র আজ শুক্রবার চালু করা হয়।

নতুন এই অবকাঠামোর ফলে বৃহত্তর ময়মনসিংহে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বিদ্যমান ১৩২ কেভি নেটওয়ার্কের সীমাবদ্ধতা দূর হলে বিদ্যুৎ সরবরাহের মান ও নির্ভরযোগ্যতা বাড়বে।

ময়মনসিংহ অঞ্চলে দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটের মধ্যে নতুন এই অবকাঠামো চালু হলো। স্থানীয়ভাবে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন না হওয়া এবং সঞ্চালন ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে এ অঞ্চলে তুলনামূলকভাবে বেশি লোডশেডিং হয়ে আসছে।

চলতি বছরের মে-জুলাই পর্যন্ত দেশের পিক আওয়ারের মোট লোডশেডিংয়ের ৩৭ শতাংশ ছিল ময়মনসিংহ অঞ্চলে। এ হার ঢাকার ১৫ শতাংশের দ্বিগুণেরও বেশি। কয়েক বছর ধরেই এ সমস্যা চলছে। ২০২৩ সালে দেশের পিক আওয়ারের মোট লোডশেডিংয়ের ১৮ শতাংশ এবং ২০২৪ সালে ৩২ শতাংশ ছিল ময়মনসিংহ অঞ্চলে।

স্থানীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন পর্যাপ্ত না হলে জাতীয় গ্রিডের অন্যান্য অঞ্চল থেকে আরও বেশি বিদ্যুৎ সরবরাহের সুযোগ তৈরি করবে নতুন সঞ্চালন অবকাঠামো। এতে নেটওয়ার্কের সীমাবদ্ধতা দূর হবে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, নতুন সঞ্চালন লাইন ও উপকেন্দ্র চালুর ফলে ইতোমধ্যে ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, ত্রিশাল এবং নেত্রকোণার কিছু এলাকায় ভোল্টেজ পরিস্থিতির উন্নতি হয়েছে।

কোম্পানিটি জানায়, আগে সংশ্লিষ্ট ১৩২ কেভি নেটওয়ার্কে ভোল্টেজ ১০২ থেকে ১০৫ কেভিতে নেমে এসেছিল। এখন তা বেড়ে ১২০ থেকে ১২১ কেভিতে উন্নীত হয়েছে। এতে ভোল্টেজের ওঠা-নামা কমবে এবং গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহের মান বাড়বে। বিশেষ করে বিদ্যুতের চাহিদা বেশি থাকার সময় এ সুবিধা পাওয়া যাবে।

নতুন অবকাঠামো চালুর ফলে বছরে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সিস্টেম লস প্রায় ১ দশমিক ৫ থেকে ২ শতাংশ পয়েন্ট কমবে বলে আশা করা হচ্ছে।

কোম্পানিটি জানায়, শক্তিশালী সঞ্চালন নেটওয়ার্কের ফলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে শিল্পকারখানা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। এর মধ্যে অর্থনৈতিক অঞ্চলের কারখানা, পোশাকশিল্প, চালকলসহ উৎপাদনমুখী বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, নতুন এ অবকাঠামোর মাধ্যমে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রায় ২০ লাখ মানুষের জন্য নির্ভরযোগ্য, মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সহজ হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ