সুইজারল্যান্ডের একটি অ্যাসাইলাম সেন্টারে রুমমেটের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
আজ শুক্রবার এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি বুরুন্ডির নাগরিক। শনিবার তার পরিচিত ব্যক্তিরা তাকে নিখোঁজ বলে জানান। পরদিন রাইন নদীর কাছে একটি ব্যাগে মানুষের একটি পা দেখতে পান তারা। পরে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে আরও কয়েকটি ব্যাগে মরদেহের বিভিন্ন অংশ খুঁজে পায়।
পুলিশ জানায়, মরদেহ টুকরো করে ময়লার ব্যাগে ভরে রাইন নদী ও নদীর তীরে ফেলে দেওয়া হয়েছিল।
এরপর আশ্রয়কেন্দ্রে তল্লাশি চালায় পুলিশ। তদন্তে পাওয়া আলামতে ৪৩ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে ঘিরে সন্দেহ জোরালো হয় তাদের। তিনি নিহত ব্যক্তির রুমমেট ছিলেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
আর্গাউ ক্যান্টন পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ভুক্তভোগীর রুমমেটকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, হত্যাকাণ্ডটি রাজনৈতিক বা ধর্মীয় কারণে ঘটেছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত চলাকালে সন্দেহভাজন ব্যক্তির মধ্যে মানসিক সমস্যার লক্ষণ দেখা গেছে।



