আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বর্তমান সরকার বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের হলরুমে ডোমেস্টিক রুফটপ সোলার (ডিটিআরএস) কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার শতভাগ বিদ্যুতায়নের মিথ্যা তথ্য দিয়ে উৎসব পালন করেছে। অথচ ময়মনসিংহ বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সে সময় ময়মনসিংহে বিদ্যুৎ ও গ্যাস সঞ্চালনের উপযুক্ত লাইন তৈরি করা হয়নি। ফলে এ অঞ্চলের মানুষকে বিদ্যুৎ ও গ্যাসের জন্য দুর্ভোগ পোহাতে হয়েছে।
তিনি বলেন, ‘বর্তমান সরকার এ সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে। পাশাপাশি আবাসিক ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে মানুষকে নবায়নযোগ্য জ্বালানির প্রতি উৎসাহিত করা হচ্ছে।
কর্মসূচির সূচনা হিসেবে দুটি বাড়ির ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে। এর মধ্যে ছিল বিশেষ অতিথি ফখর উদ্দিন আহমেদের বাড়িতে ২০ কিলোওয়াট পিক এবং ভালুকার বাসিন্দা মো. সোহেল রানার বাড়িতে ৫ কিলোওয়াট পিক সক্ষমতার ব্যাটারিসহ সোলার সিস্টেম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ।
স্বাগত বক্তব্য দেন ইডকলের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এস. এম. মনিরুল ইসলাম। ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচির ওপর উপস্থাপনা প্রদান করেন ইডকলের হেড অব রিনিউএবল এনার্জি মো. এনামুল করিম পাভেল।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিআইএফএফএলের প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. আনিছুজ্জামান এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব মো. আশফাকুল আমিন মুকুট। এছাড়া, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, ইডকল ও বিআইএফএফএলের কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।



