শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ছাত্রদল নেতা শাকিল হত্যা: রিমান্ড শেষে কারাগারে এমপিপুত্র মিন্টু

ছাত্রদল নেতা শাকিল হত্যা: রিমান্ড শেষে কারাগারে এমপিপুত্র মিন্টু...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পিএমসর্বশেষ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পিএম
ছাত্রদল নেতা শাকিল হত্যা: রিমান্ড শেষে কারাগারে এমপিপুত্র মিন্টু

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় গ্রেফতার নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে তিন দিন রিমান্ড শেষে আদালতে হাজির করলে আদালতের বিচারক মিন্টুকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

শুক্রবার বিকালে নাটোর জজ কোর্টের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এ নির্দেশ দেন।

২৭ অক্টোবর রাতে শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নাটোরের গোয়েন্দা শাখার পুলিশ নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জেলা ডিবি কার্যালয়ে নিয়ে আসে। পরদিন নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। পরে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক শফিকুল ইসলাম বলেন, আদালত থেকে মঞ্জুর করা নির্ধারিত তিন দিন রিমান্ড শেষে শুক্রবার বিকালে মিন্টুকে আদালতে হাজির করা হয়। পরে আদালত মিন্টুকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তদন্তের স্বার্থে মিন্টুর আবারও রিমান্ড আবেদন করা হতে পারে।

শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের বিএনপি দলীয় এমপির ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতারের পর আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটকরা হলেন—উপজেলার ধারাবরিষা গ্রামের আমির হোসেনের ছেলে আলামিন হোসেন ও একই উপজেলার খামারনাচকৈড় গ্রামের নুর মোহাম্মদ মোল্লার ছেলে ও গুরুদাসপুর থানা গেট এলাকার কনফেকশনারি ব্যবসায়ী আনিসুর রহমান (২৫)। তারা আমেরিকা প্রবাসী রাসেল হোসাইনের অনুসারী বলে জানা যায়।

নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শাকিল হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় পুলিশের তদন্ত কাজ চলছে। তদন্তে পাওয়া তথ্যমতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। অভিযানে গত বৃহস্পতিবার রাতে উপজেলার ধারাবারিষা ও কচুগাড়ি গ্রামের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রদল নেতা শাকিল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছে জেলা ছাত্রদল। শুক্রবার বাদ জুমা পশ্চিম আলাইপুর জামে মসজিদে মাগফিরাত কামনা ও দোয়া মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনসহ বিএনপির নেতা ও মুসল্লিরা দোয়ায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে শাকিল ইসলাম তার বাড়িতে যাওয়ার সময় বিলচলন শামসুজ্জোহা কলেজের পাশে পেছন থেকে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় শাকিল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। পরে শনিবার সকালে শাকিলকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সেখানে তার মৃত্যু হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ