রবিবার, ১ নভেম্বর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি

জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ৭:৫৯ পিএমসর্বশেষ: ৩১ অক্টোবর ২০২৬, ৭:৫৯ পিএম
জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি

অব্যাহতিপ্রাপ্ত খতিব মাওলানা মোজাহিদুল ইসলাম।

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার বাইতুল মাহফুজ পুরাবাড়িয়া মোড় জামে মসজিদের খতিব মাওলানা মোজাহিদুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জুমার খুতবায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলার অভিযোগে মসজিদ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর জুমার খুতবায় ‘মূর্তি ও ভাস্কর্যের ইতিহাস-ঐতিহ্য এবং তা থেকে মুসলমানদের উত্তরণ’ বিষয়ে আলোচনা করেন খতিব মাওলানা মোজাহিদুল ইসলাম। এ সময় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের প্রসঙ্গ টেনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলে মন্তব্য করেন তিনি। পরে এ বক্তব্যের জেরে মসজিদ কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

স্থানীয় বাসিন্দা আ. হক ও সোলাইমান মিয়া বলেন, খতিবের দায়িত্ব শুধু নামাজ পড়ানো নয়, সত্য কথা বলাও তার দায়িত্ব। তার বক্তব্যে কারও আপত্তি থাকলে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা যেত। এভাবে হঠাৎ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া ঠিক হয়নি।

অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে খতিব মাওলানা মোজাহিদুল ইসলাম বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। বিষয়ভিত্তিক আলোচনা করতে গিয়ে উদাহরণ হিসেবে ওই মন্তব্য করেছিলাম। মসজিদ কমিটির সভাপতি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় প্রতিহিংসাবশত আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মসজিদ কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া। তিনি বলেন, খতিব জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। এক বছর আগে এক ছাত্রদল নেতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে দোয়া করতে বললেও তিনি তা করেননি। এ ছাড়া মসজিদে রাজনৈতিক আলোচনা এবং গত জুমার খুতবায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলার বিষয়টি নিয়ে আপত্তি ওঠে। এসব কারণে সর্বসম্মতিক্রমে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ