পরিবেশবান্ধব ও জ্বালানিসাশ্রয়ী বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে দেশের জ্বালানি সংকট মোকাবিলায় উদ্যোগ নেওয়া হবে। এ জন্য যুবকদের প্রশিক্ষণ দিয়ে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে স্বাবলম্বী করার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে ফ্রিল্যান্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মোবাইল সার্ভিসিং ও ড্রাইভিংসহ বিভিন্ন বিষয়ে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল হাজিপাড়ায় মো. মাহবুবার রহমান বকুলের পরিবেশবান্ধব ও জ্বালানিসাশ্রয়ী বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাসের সম্ভাবনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে গবাদিপশু, হাঁস-মুরগি ও বিভিন্ন খামার রয়েছে। এসব খামারের বর্জ্য কাজে লাগিয়ে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা গেলে জ্বালানি সংকট অনেকটাই মোকাবিলা করা সম্ভব। একই সঙ্গে তরুণ ও নারীরা বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবেন। উৎপাদিত গ্যাস আশপাশের বাড়িতে সরবরাহ করেও তারা আয় করতে পারবেন।
তিনি আরও বলেন, যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। সৈয়দপুর কোনো পিছিয়ে পড়া উপজেলা নয়। বর্তমান সরকার খেলাধুলাকে পেশাদার পর্যায়ে নিয়ে যেতে কাজ শুরু করেছে। এর মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা হচ্ছে। খুব শিগগিরই জেলা ও উপজেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে খেলাধুলার উপযোগী করা হবে। এ লক্ষ্যে একটি প্রকল্পও নেওয়া হয়েছে।
এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।



