শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

১৪ বছর বিরতির পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি

১৪ বছর বিরতির পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পিএমসর্বশেষ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পিএম
১৪ বছর বিরতির পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি

স্বামীর অনুপ্রেরণায় দীর্ঘ ১৪ বছর পর আবারও পড়াশোনা শুরু করে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার গৃহবধূ রীতি খাতুন (৩০)।

সংসার ও সন্তানের দায়িত্ব সামলে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শাখা থেকে এ সাফল্য অর্জন করেন তিনি।

রীতি খাতুন উপজেলার নসিরপুর গ্রামের আব্দুল আলিম মন্ডল বাবুর স্ত্রী। তিনি ক্ষেতলাল পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজের বিএম শাখা থেকে পরীক্ষায় অংশ নেন।

২০১০ সালে মোলামগাড়িহাট দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন রীতি। পরের বছর বিয়ের পর সংসারজীবনে ব্যস্ত হয়ে পড়েন। বর্তমানে তার ১১ বছর বয়সি একটি মেয়ে রয়েছে। তবে সংসারের ব্যস্ততার মধ্যেও পড়াশোনার প্রতি আগ্রহ ধরে রাখেন তিনি। ২০২৪ সালে স্বামীর উৎসাহ ও সহযোগিতায় এসএসসি পাসের প্রায় ১৪ বছর পর আবারও কলেজে ভর্তি হন।

সংসারের কাজ সামলে পড়াশোনা চালিয়ে যেতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাকে। এ সময় প্রতিবেশীদের উপহাসও শুনতে হয়েছে। তবে কোনো কিছুতেই দমে যাননি রীতি। স্বামী ও শিক্ষকদের সহযোগিতা নিয়ে পড়াশোনা চালিয়ে গেছেন। অবশেষে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নিজের স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন।

রীতি খাতুন বলেন, স্বামীর সহযোগিতা ও অনুপ্রেরণা না পেলে এই বয়সে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হতো না। সংসারের কাজ সামলে নিয়মিত পড়াশোনা করতে হয়েছে। এ সাফল্যের পেছনে শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তার স্বামী আব্দুল আলিম মন্ডল বাবু বলেন, স্ত্রীর পড়াশোনার প্রতি আগ্রহ দেখে তাকে কলেজে ভর্তি করিয়েছিলাম। তার এই ফলাফলে পরিবারের সবাই খুব খুশি।

ক্ষেতলাল পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সায়ফুল ইসলাম বলেন, সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি রীতির এমন ফলাফল অত্যন্ত প্রশংসনীয়। তার অধ্যবসায় ও সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ