ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন শাখাওয়াত (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (১ নভেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত ২৭ অক্টোবর সকালে তিনি ডেঙ্গু জ্বর নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
এ নিয়ে এ বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগে মোট ৩৬ জনের মৃত্যু হলো।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু বিভাগের চিকিৎসক ডা. সেলিম উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৩৪ জন রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালের ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে এখন মোট ১১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এ বছরের শুরু থেকে এ পর্যন্ত ৪ হাজার ৬৬১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।



