মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের সময় সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ১৯ জনকে আটক করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদারসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলা করা হবে।
আজ সকালে ঢাকার মিরপুরে মাসিক ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে বিভিন্ন সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা।
মিরপুর-১১ নম্বর এলাকায় আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এর একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পরে পুলিশ ও স্থানীয়দের অনুরোধে শ্রমিকেরা অবরোধ তুলে নিলে দুপুর ২টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।



