অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সবশেষ দুই আসরের চ্যাম্পিয়ন দল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের আশায় ওমান যাচ্ছে বাংলাদেশের যুবারা।
টুর্নামেন্টে নিজেদের লক্ষ্য নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভালপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা বলেন, অবশ্যই, প্রত্যাশা থাকবে এশিয়া কাপ জেতার। বিশ্বকাপই আমাদের আল্টিমেট টার্গেট। এই ব্যাচটা বিশ্বকাপ পর্যন্ত একসাথে থাকবে। লম্বা জার্নি, ২০২৮ সালের শুরুতে বিশ্বকাপ। অবশ্যই, বিশ্বকাপ জেতাই আমাদের টার্গেট।
ফাহিম সিনহা বলেন, কোচিং স্টাফে দেশি হোক কিংবা বিদেশি সবার কাছেই প্রত্যাশা থাকে উন্নতির প্রক্রিয়াটা যেন ঠিক থাকে। আমাদের প্রত্যেকটা ম্যাচই জিততে হবে বা এশিয়া কাপ জিততেই হবে ব্যাপারটা তা না।
বিসিবির এই পরিচালক আরও বলেন, সেরা এফোর্ট থাকবে জেতার জন্য, লক্ষ্য থাকবে এশিয়া কাপ জিতে ফেরার। কিন্তু আমাদের পুরো মনোযোগ থাকবে খেলোয়াড়দের উন্নতি হচ্ছে কীভাবে, আমাদের প্রক্রিয়াটা ঠিক আছে কি না। আমরা এখান থেকে কী ফল পেলাম, কজন ভালো খেলার দেখতে পেলাম ভবিষ্যতের জন্য।



