গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানা ঘেরাও করার চেষ্টা করা হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিক ও আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
মঙ্গলবার বিকালে কাশিমপুর থানা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কাশিমপুর এলাকায় কারখানার শ্রমিকরা আন্দোলন করছিলেন। এমন সময় কাশিমপুর থানার ওসিসহ পুলিশ সদস্যরা তাদের বোঝাতে ঘটনাস্থলে যান। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন এবং ধাওয়া দেন। পরে পুলিশ সদস্যরা দৌড়ে থানায় চলে এলে শ্রমিকরাও থানার আশপাশে চলে আসেন। এ সময় তারা ইটপাটকেল ছুড়তে থাকেন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে থানা ও আশপাশের এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
থানা ঘেরাওয়ের সার্বিক বিষয়ে জানতে চাইলে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন বলেন, অনেক কিছুই ঘটেছে, এই মুহূর্তে কিছু বলতে পারছি না। তবে বর্তমানে শ্রমিকরা চলে গেছেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।






