ছোটপর্দার পারিশ্রমিকের বৈষম্য নিয়ে মুখ খুললেন ভারতীয় অভিনেত্রী সোনারিকা ভদোরিয়া। একটি ধারাবাহিকে প্রায় এক বছর কাজ করার পরে বেতন বৃদ্ধির দাবি জানিয়েছিলেন তিনি। বেতন বাড়ানোর দাবি জানাতেই ধারাবাহিক থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। অথচ একই ধারাবাহিকে অভিনেতাদের পারিশ্রমিক বেড়েছিল তিন গুণ।
তবে কোন ধারাবাহিকের কথা বলছেন, তা স্পষ্ট করেননি অভিনেত্রী। সংশ্লিষ্ট ব্যক্তিদের নামও প্রকাশ্যে আনতে চাননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা জানান সোনারিকা।
অভিনেত্রী বলেন, টিআরপি এত ভালো ছিল যে চ্যানেলের পক্ষে আমাদের নিয়ে উদ্যাপন করেছিল। এমন পরিস্থিতিতে কেউ কাজের স্বীকৃতি বা বেতনবৃদ্ধি আশা করতেই পারেন। কিন্তু আমি যখন সেই দাবি জানালাম, তখন উল্টে প্রশ্ন করা হল, কিসের ভিত্তিতে আমি বেতন বৃদ্ধির কথা বলছি।
সোনারিকা বলেন, বেতন বৃদ্ধির কথা বলেছিলাম বলে আমাকে ধারাবাহিক থেকে সরিয়েই দেওয়া হল। অথচ আমাকে যে বাদ দেওয়া হচ্ছে, সেটাও জানানো হয়নি। আমার পুরুষ সহ-অভিনেতা ধারাবাহিক ছেড়ে দেওয়ার হুমকি দিতেন। তাঁর পারিশ্রমিক তিন গুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল। অথচ আমার বেতন এক বারও বাড়েনি।






