বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
১৯শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ফুটবল খেলা নিয়ে রণক্ষেত্র ছাতক, দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক

ফুটবল খেলা নিয়ে রণক্ষেত্র ছাতক, দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ৬:৪৬ পিএমসর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ৬:৪৬ পিএম
ফুটবল খেলা নিয়ে রণক্ষেত্র ছাতক, দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক

সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলার জয়-পরাজয়কে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত শতাধিক লোক আহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার চরমহল্লা ও পাইগাঁও গ্রামের মানুষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ফুটবল খেলা শেষে দুই গ্রামের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে বুধবার সকালে উভয় গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে দুইপক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মঙ্গলবার ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে বিরোধ ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে বুধবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

ফুটবল খেলার মতো বিনোদনমূলক একটি বিষয়কে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে এমন সংঘর্ষের ঘটনায় স্থানীয় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ