বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
১৯শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক

ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক...

ত
তানভীর আহমেদ· প্রযুক্তি সম্পাদক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ৬:৪৯ পিএমসর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ৬:৪৯ পিএম
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক

দৈনন্দিন আর্থিক লেনদেন সহজ ও দ্রুত করতে ‘মুক্ত পে’ নামে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। এ প্ল্যাটফর্মের মাধ্যমে টাকা পাঠানো, বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ এবং যেকোনো মোবাইল অপারেটরের নম্বরে রিচার্জ করতে পারবেন গ্রাহকেরা। উদ্বোধনী অফারের আওতায় প্রথম তিন মাস টাকা পাঠানো ও বিল পরিশোধে কোনো চার্জ দিতে হবে না।

বুধবার (৪ নভেম্বর) ঢাকায় প্ল্যাটফর্মটি চালুর ঘোষণা দেয় বাংলালিংক। গুগল প্লে স্টোর ও আইওএস অ্যাপ স্টোর থেকে ‘মুক্ত পে’ অ্যাপ ডাউনলোড করে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বরের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন যেকোনো অপারেটরের গ্রাহকেরা। এ ছাড়া বাংলালিংক গ্রাহকেরা ইন্টারনেট সংযোগ ছাড়াই সাধারণ মোবাইল ফোন থেকে *৫২৫# ডায়াল করে এ সেবা নিতে পারবেন।

‘মুক্ত পে’র মাধ্যমে ওয়ালেট থেকে ওয়ালেটে টাকা পাঠানো, বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল পরিশোধ এবং সব মোবাইল অপারেটরের নম্বরে রিচার্জ করা যাবে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট ও কার্ড থেকে ওয়ালেটে টাকা যোগ করা এবং বাংলালিংকের বিভিন্ন সেবা ব্যবহারের সুবিধাও থাকছে।

উদ্বোধনী অফারের আওতায় ওয়ালেট থেকে ওয়ালেটে টাকা পাঠানো এবং বিল পরিশোধে প্রথম তিন মাস কোনো চার্জ নেওয়া হবে না। এ ছাড়া বাংলালিংক নম্বরে প্রথম তিনবার রিচার্জে বোনাস পাবেন গ্রাহকেরা।

প্ল্যাটফর্মটি চালুর বিষয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে বলেন, ‘মুক্ত পে’র মাধ্যমে সংযোগ সেবার বাইরেও গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলালিংক। স্মার্টফোন হোক বা সাধারণ মোবাইল ফোন, এ সেবার মাধ্যমে ব্যক্তি, মার্চেন্ট ও ব্যবসাপ্রতিষ্ঠান সহজেই ডিজিটাল অর্থনীতির অংশ হতে পারবেন।

তিনি বলেন, বিশেষ করে যেসব জনগোষ্ঠী ও ক্ষুদ্র ব্যবসায়ী এখনো ডিজিটাল আর্থিক সেবার আওতার বাইরে রয়েছেন, তাঁদের জন্য ডিজিটাল লেনদেন আরও সহজ ও সহজলভ্য করবে মুক্ত পে। বাংলাদেশে আরও বিস্তৃত ডিজিটাল আর্থিক সেবা চালুর ভিত্তি হিসেবে কাজ করবে এ প্ল্যাটফর্ম।

ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ‘মুক্ত পে’র আলাদা মার্চেন্ট অ্যাপও চালু করা হয়েছে। এর মাধ্যমে ব্যবসায়ীরা একটি ড্যাশবোর্ড থেকেই নিবন্ধন, গ্রাহকের কাছ থেকে পেমেন্ট গ্রহণ এবং লেনদেনের হিসাব দেখতে পারবেন। এ ছাড়া জাতীয় কিউআর পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ প্ল্যাটফর্মটিতে যুক্ত করার প্রক্রিয়া চলছে। এটি যুক্ত হলে বাংলা কিউআর সমর্থিত বিভিন্ন মার্চেন্ট প্রতিষ্ঠানে মুক্ত পে ব্যবহার করে লেনদেন করতে পারবেন গ্রাহকেরা।

বাংলালিংকের চিফ ফিনটেক অফিসার দিমিত্রি কাশতানভ বলেন, ‘মুক্ত’ মানে স্বাধীন। প্ল্যাটফর্মটির মূল ভাবনাও সেটি। এত দিন সংযোগ সেবার মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ছিল বাংলালিংক। মুক্ত পের মাধ্যমে এখন তাঁদের আর্থিক লেনদেনের সঙ্গেও যুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটি। প্রতিদিনের লেনদেন আরও দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য করাই তাঁদের লক্ষ্য।

বাংলালিংকের ডিজিটাল সেবা পোর্টফোলিওতে নতুন সংযোজন হিসেবে মুক্ত পে চালু করা হয়েছে। প্রচলিত টেলিযোগাযোগ সেবার বাইরে ডিজিটাল সেবার পরিসর বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে বাংলাদেশে বাংলালিংকের গ্রাহকসংখ্যা প্রায় ৪ কোটি। অন্যদিকে পাকিস্তান, কাজাখস্তান ও উজবেকিস্তান—এই তিন দেশে ভিওনের আর্থিক সেবা প্ল্যাটফর্মগুলোর গ্রাহকসংখ্যা ৫ কোটি ৯০ লাখ।

মুক্ত পের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কে এম জাকারিয়া বলেন, শুরু থেকেই তাঁদের লক্ষ্য ছিল, প্রথম লেনদেন থেকেই সেবাটি দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য করা। একই সঙ্গে সব মোবাইল অপারেটরের গ্রাহকেরা যাতে এটি ব্যবহার করতে পারেন, সেটিও নিশ্চিত করতে চেয়েছেন তাঁরা।

বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগের ক্ষেত্রে ভিওনের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেও মুক্ত পে চালু করা হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশে ২৫ কোটি মার্কিন ডলার প্রাথমিক বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ভিওন।

ভিয়েতনাম কি জিডিপিতে ইন্দোনেশিয়ার পর থাইল্যান্ডকেও ছাড়িয়ে যাবে?

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ত

তানভীর আহমেদ

প্রযুক্তি সম্পাদক

প্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের সম্পাদক।

সম্পর্কিত আরও সংবাদ