ঢাকা ও আশপাশের জেলার শিল্পাঞ্চলে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেই সঙ্গে এসব এলাকার নিরাপত্তা রক্ষায় বিজিবির ৩৩ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন।
পোশাকশ্রমিকদের অসন্তোষের প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ে বাহিনীর সদর দপ্তরে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ সেলও চালু রয়েছে।
শিল্পাঞ্চলগুলোতে মোতায়েন করা ৩৩ প্লাটুনের মধ্যে মিরপুরে রয়েছে তিন প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন।
নিরাপত্তা জোরদার এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সাঁজোয়া যান (এপিসি) ও দাঙ্গা নিয়ন্ত্রণের বিশেষ যান (আরসিভি) মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রমিক অসন্তোষের মধ্যে পোশাক কারখানা ও অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা রক্ষার লক্ষ্যেই এ ব্যবস্থা নিয়েছে বিজিবি।
পরিস্থিতির অবনতি ঠেকাতে এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বিজিবি সদস্যরা।
বাহিনীটি জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম ও জননিরাপত্তা বজায় রাখতে তাদের নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।






