রাজধানীর পোস্তগোলায় ট্রাকচাপায় দুই অটোরিকশাচালক নিহত হয়েছেন। এতে সিএনজিচালিত অটোরিকশার আরেক চালক আহত হন।
আজ বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে পোস্তগোলা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি হঠাৎ রাস্তা ছেড়ে পাশের চায়ের দোকানে উঠে যায়। এতে চার-পাঁচটি অস্থায়ী দোকান পুরোপুরি গুঁড়িয়ে যায়।
ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন।
তারা হলেন—হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুরের জাকির হোসেন (৫৫) ও পটুয়াখালী সদর উপজেলার জাহাঙ্গীর পোদ্দার (৫০)।
আহত সুভাষ চন্দ্রের (৩৬) বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।
জাকিরের ছেলে মোহাম্মদ মাহিন হোসেন জানান, তারা রায়েরবাগ বাজার এলাকায় থাকে এবং তার বাবা অটোরিকশা চালাতেন।
‘ভোররাত ৩টার দিকে আমার বাবা পোস্তগোলা সেতুর নিচে একটি দোকানে চা খাচ্ছিলেন। সেখানে আরও কয়েকজন ছিলেন। হঠাৎ একটি বড় ট্রাক তাদের ওপর উঠে যায়,’ বলেন তিনি।
জাহাঙ্গীরের স্ত্রী হাওয়া বেগম জানান, ভোরে দুর্ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে গিয়ে দেখেন, তিনি পৌঁছানোর আগেই তার স্বামী মারা গেছেন।
চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহগুলো মর্গে রাখা হয়েছে। কদমতলী থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে।






