বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
২০শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

‘অপরাধীদের ফেরাতে পাসপোর্ট লাগে না’ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে হুমায়ুন কবির

‘অপরাধীদের ফেরাতে পাসপোর্ট লাগে না’ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে হুমায়ুন কবির...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ৭:১৫ পিএমসর্বশেষ: ৫ নভেম্বর ২০২৬, ৭:১৫ পিএম
‘অপরাধীদের ফেরাতে পাসপোর্ট লাগে না’ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে হুমায়ুন কবির

প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তারের জন্য আমাদের প্রত্যর্পণ চুক্তি আছে। সন্ত্রাসী বা অপরাধীদের ফেরাতে পাসপোর্ট লাগে না। এটি হস্তান্তরের বিষয়।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত থেকে তাকে ফেরত আনার উদ্যোগ নেবে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার ঢাকা সফরে আসা চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, গুরুতর অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত কোনো পলাতক ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। এ ধরনের ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার জন্য বিদ্যমান প্রত্যর্পণ ব্যবস্থাতেই আইনি কাঠামো রয়েছে।

তিনি আরও বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা, প্রতিষ্ঠিত বিচারিক প্রক্রিয়া ও প্রত্যর্পণ চুক্তিও রয়েছে। তাই পাসপোর্ট ইস্যু বা হস্তান্তরের কোনো প্রয়োজন বা বাধ্যবাধকতা নেই।

প্রতিমন্ত্রী বলেন, চুক্তির আওতায় প্রতিষ্ঠিত বিচারিক ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষের কাছে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের দাবি জানাচ্ছে বাংলাদেশ।

প্রস্তাবিত বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, এ উদ্যোগ ঘিরে বাংলাদেশ কোনো ভূ-রাজনৈতিক জটিলতা দেখছে না। এ করিডর অঞ্চলটিকে বড় বাণিজ্য ও যোগাযোগের কেন্দ্রে পরিণত করার সম্ভাবনা রাখে।

‘প্রস্তাবিত করিডরে অংশ নিতে বাংলাদেশের আগ্রহ রয়েছে। তবে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানকে অগ্রাধিকার দিতে হবে’, বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, লিউ হাইশিংয়ের এই সফর বিশেষ করে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার করবে।

তিনি বলেন, উচ্চপর্যায়ের এই যোগাযোগ দীর্ঘদিনের দ্বিপক্ষীয় অংশীদারত্বে নতুন গতি সঞ্চার করতে পারে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ