বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
২০শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ৭:১৭ পিএমসর্বশেষ: ৫ নভেম্বর ২০২৬, ৭:১৭ পিএম
দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দীপাবলির উৎসব যত এগিয়ে আসছে, ততই বায়ুদূষণ নিয়ে বাড়ছে উদ্বেগ। আর এ উৎসবের আনন্দে বাজি পোড়ানোর বদলে পরিবেশবান্ধব দীপাবলি পালনের কথা বলেছেন বিনোদন জগতের একাধিক তারকা। সম্প্রতি অভিনেত্রী দিয়া মির্জার মাধ্যমে এমনই একটি সচেতনতামূলক ভিডিওবার্তা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিল বৃহন্মুম্বই পৌরসভা (বিএমসি)। কিন্তু পরে সেই ভিডিও সরিয়ে ফেলা হয়।

এ নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে ব্যাপক তর্কবিতর্ক। এবার বাজি পোড়ানোর বিরোধিতা করলেন অভিনেত্রী আলিয়া ভাটের মা অভিনেত্রী সোনি রাজদান।

বুধবার সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে নেন সোনি রাজদান। সেখানে দীপাবলিতে বাজি পোড়ানোর ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন তিনি। বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের ওপর বায়ুদূষণের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিনেত্রী।

সোনি রাজদান বলেন, 'যে কোনো ছোট শিশুর বাবা-মাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন, বায়ুদূষণের কারণে তাদের সন্তানরা কতটা ভুগছে। অসুস্থতার জন্য কত দিন স্কুলে যেতে পারছে না তারা। এর পরেই বাজি পোড়ানোর পক্ষে যারা যুক্তি দিচ্ছেন, তাদের নিয়ে প্রশ্ন তোলেন সোনি রাজদান।

আলিয়ার মা আরও বলেন, পরিবেশকে গুরুত্ব না দিয়ে যারা বাজি পোড়ানোকে সমর্থন করছেন, তারাই আসলে দেশদ্রোহী। এমন পরিস্থিতিতেও যদি কেউ বলেন, এ বছর দীপাবলিতে অন্তত একটি বাজি পোড়ানো উচিত, তাহলে তাকেই আমি জীবনবিরোধী, স্বাস্থ্যবিরোধী এবং দেশবিরোধীও বলব।

তিনি বলেন, নিজের এবং সন্তানের স্বাস্থ্যের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। তাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। দিয়া মির্জার ভিডিও ঘিরে বিতর্কের কয়েক দিন পরেই সোনি রাজদান এ মন্তব্য করেছেন।

এদিকে মুম্বাইয়ের বাসিন্দাদের উদ্দেশে ভিডিওতে দিয়া মির্জা বলেছিলেন, উৎসবের মৌসুমে আনন্দের সঙ্গে দীপাবলি পালন করতে হবে ঠিকই, তবে পরিবেশ ও স্বাস্থ্যের কথাও মাথায় রাখতে হবে। বাজি থেকে তৈরি হওয়া শব্দ ও বায়ুদূষণ আমাদের সবার জন্য ক্ষতিকর। তাই শব্দ নয়, আনন্দ দিয়ে দীপাবলি উদযাপন করুন। কিন্তু সেই ভিডিও মুছে দেয় বৃহন্মুম্বই পৌরসভা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ