জাতীয় দল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছেন কোচ হোর্হে জেসুস।
পর্তুগাল জাতীয় দল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছেন কোচ হোর্হে জেসুস। জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে রোনালদোকে অনুরোধ করেছিলেন বলে জানিয়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত এই মহাতারকার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন পর্তুগাল কোচ।
পর্তুগালের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ১১’-কে দেওয়া এক সাক্ষাৎকারে হোর্হে জেসুস এসব কথা বলেন।
জেসুস জানান, জাতীয় দলের প্রথম স্কোয়াড ঘোষণার আগেই রোনালদোর সঙ্গে তার কথা হয়েছিল। তখন তাকে দলে থেকে যাওয়ার অনুরোধও করেছিলেন কোচ।
তিনি বলেন, ‘পুরো সিদ্ধান্তটাই তার (রোনালদো) নিজের। প্রথম স্কোয়াড ঘোষণার আগেই আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। আমি তাকে আমার সঙ্গেই থাকার অনুরোধ করেছিলাম, কারণ আমার পাশে তার থাকাটা দরকার ছিল। তবে তার এই সিদ্ধান্তকে আমাকে মেনে নিতেই হবে।
রোনালদোর বিদায়ের প্রসঙ্গে পর্তুগিজ ফুটবল ও দেশের তরুণ প্রজন্মের ওপর তার প্রভাবের কথাও তুলে ধরেন হোর্হে জেসুস। তার মতে, জাতীয় দলকে অনেক কিছু দেওয়ার পাশাপাশি পর্তুগালের তরুণদের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবেন এই তারকা।
জেসুস আরও বলেন, ‘তিনি এমন একজন খেলোয়াড়, যিনি গত বছরগুলোতে জাতীয় দলকে অনেক কিছু দিয়েছেন। পর্তুগালের যুবসমাজের কাছে তিনি এক জীবন্ত প্রতীক। তার ভক্তদের একটা বড় অংশই তরুণ। আল-নাসরে তার সঙ্গে এক বছর কাজ করার সুযোগ আমার হয়েছিল। আমাদের জাতীয় দল, আমাদের মানুষ এবং আমাদের ইতিহাসের কাছে তিনি চিরকাল এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।
এদিকে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের মিলনায়তনে রোনালদোর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার একটি বিশাল ছবি স্থাপন করা হয়েছে বলেও জানান জেসুস। জাতীয় দল থেকে ‘সিআর সেভেনকে’ আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে একটি অনুষ্ঠানের আয়োজনের প্রতিশ্রুতিও দিয়েছে ফেডারেশন।
৪১ বছর বয়সে এসে রেকর্ড ও অসংখ্য অর্জনে সমৃদ্ধ পর্তুগাল জাতীয় দলের হয়ে দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো। কোচ হোর্হে জেসুসের সঙ্গে মতবিরোধের কয়েক সপ্তাহের মধ্যেই তার এই সিদ্ধান্ত সামনে এল।
এর আগে বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসরের ভাবনার কথা জানিয়েছিলেন রোনালদো। তবে গত মৌসুমে আল-নাসরে তার সঙ্গে কাজ করা হোর্হে জেসুস তাকে খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন। গত ফিফা আন্তর্জাতিক বিরতির আগে সংবাদ সম্মেলনে দুজন পরস্পরের প্রশংসা করলেও পরবর্তী সময়ে তাদের সম্পর্কে অবনতি ঘটে।






