বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ল্যাবরেটরি সার্ভিস সেন্টারকে আন্তর্জাতিক মানের সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে ল্যাব অ্যাক্রেডিটেশন কার্যক্রম দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা ও অগ্রগতি পর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
ল্যাবরেটরি সার্ভিস পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল অনুষদের ডিন এবং ল্যাবরেটরি সার্ভিস পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. সাইফ উল্লাহ-মুন্সী, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থসহ সংশ্লিষ্টরা।
সভায় ল্যাব অ্যাক্রেডিটেশন কার্যক্রম এগিয়ে নিতে কোর অ্যাক্রেডিটেশন কমিটি গঠন, সব বিভাগের ফোকাল পারসন মনোনয়ন, বিভাগভিত্তিক গ্যাপ অ্যানালাইসিস সম্পন্ন করে প্রতিবেদন জমা এবং বিভাগীয় ল্যাবরেটরি ব্যবস্থাপনার কাঠামো প্রস্তুত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ আয়োজন, সমন্বিত অ্যাক্রেডিটেশন রোডম্যাপের খসড়া প্রণয়ন এবং বিভাগভিত্তিক অগ্রগতি প্রতিবেদন উপস্থাপনের বিষয়েও সিদ্ধান্ত ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ডা. নাসরীন চৌধুরী, প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. শবনম আখতার, মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহেদা আনোয়ার, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাছরিন জাহান, হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান এবং ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও কমিটির সদস্যসচিব ডা. তাহমিনা আক্তার।





