শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
২২শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

পুরস্কার ঘোষণার পর পুলিশের অভিযানেই মিলল হারানো পিস্তল

পুরস্কার ঘোষণার পর পুলিশের অভিযানেই মিলল হারানো পিস্তল...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১১:০৪ পিএমসর্বশেষ: ৫ নভেম্বর ২০২৬, ১১:০৪ পিএম
পুরস্কার ঘোষণার পর পুলিশের অভিযানেই মিলল হারানো পিস্তল

পিস্তল হারিয়ে বিপাকে পুলিশ, খুঁজে দিতে ঘোষণা ৫০ হাজার টাকা পুরস্কার! ৫ দিনের মাথায় সেই গুলিভর্তি পিস্তল উদ্ধার করে যেন হাঁফ ছেড়ে বাঁচল গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। তবে অর্ধলক্ষ টাকার পুরস্কার ঘোষণার পরও অস্ত্রটি উদ্ধার করতে হয়েছে পুলিশের নিজস্ব অভিযানেই।

গত ৩১ অক্টোবর মাদকবিরোধী অভিযানে গিয়ে পিস্তলটি হারিয়ে ফেলেন বাসন থানার এএসআই পারভেজ মল্লিক।

৫ দিন ধরে চলা অনুসন্ধান ও নানা আলোচনা-সমালোচনার পর বুধবার (৪ নভেম্বর) ভোররাতে বাসন থানা পুলিশের অভিযানে উদ্ধার হয় ব্রাজিলের তৈরি টরাস কোম্পানির ৯ এমএম পিস্তলটি। সঙ্গে পাওয়া যায় একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি।

জিএমপির অপরাধ উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উনিশে টাওয়ারের উত্তর দিকে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেন এএসআই পারভেজ মল্লিক ও তার সহযোগীরা। আটক ব্যক্তিদের গাড়িতে তোলার সময় ধস্তাধস্তির একপর্যায়ে পিস্তলটি হারিয়ে যায় বলে দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা। পরে থানায় ফিরে অস্ত্রটি সঙ্গে না পেয়ে বাসন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। অস্ত্র উদ্ধারে শুরু হয় পুলিশের তৎপরতা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসার পর হারানো পিস্তলের সন্ধান দিতে কিংবা উদ্ধারে সহায়তা করতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন বাসন থানার ওসি হারুনুর রশিদ। কিন্তু সেই ঘোষণার পরও পুরস্কারপ্রত্যাশী কারও সহায়তার অপেক্ষায় থাকতে হয়নি পুলিশকে। নিজেদের অভিযানেই মিলেছে হারানো অস্ত্র।

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার রাত ২টা ৪৫ মিনিটের দিকে বাসন থানার ওসি হারুনুর রশিদের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। বাসন থানাধীন বারবৈকা মুন্সিপাড়া এলাকায় টিএনটি রোডের বিপরীতে অধ্যাপক মো. সিরাজুল ইসলামের চারতলা ভবনের পশ্চিম পাশে একটি পরিত্যক্ত খালি জায়গা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রটি ব্রাজিলের তৈরি টরাস (TAURUS) কোম্পানির ৯ এমএম পিস্তল। এর গায়ে ইংরেজিতে ‘TKU41395’ নম্বর লেখা রয়েছে। পিস্তলটির সঙ্গে একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি লোড করা অবস্থায় পাওয়া যায়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ