শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
২২শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

মাঠে আঙুল ফুটিয়ে নিষিদ্ধ হলেন ইংলিশ ক্রিকেটার

মাঠে আঙুল ফুটিয়ে নিষিদ্ধ হলেন ইংলিশ ক্রিকেটার...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ২:১২ এএমসর্বশেষ: ৭ নভেম্বর ২০২৬, ২:১২ এএম
মাঠে আঙুল ফুটিয়ে নিষিদ্ধ হলেন ইংলিশ ক্রিকেটার

ক্রিকেট মাঠে ব্যাটে বল লাগার শব্দ নকল করে প্রতিপক্ষ ব্যাটারকে আউট করানোর ঘটনায় কঠিন শাস্তি পেয়েছেন ইংল্যান্ডের অপেশাদার ক্রিকেটার ব্রায়ান ডিভাইন পন্টিং। প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগে তাকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি শাস্তির মুখে পড়েছে তার ক্লাব সল্টবার্নও।

ঘটনাটি ঘটে গত জুলাইয়ে ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে। সল্টবার্ন দ্বিতীয় একাদশের হয়ে স্লিপে ফিল্ডিং করছিলেন পন্টিং। এ সময় নর্টনের ব্যাটার নোমান শাবিরের ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার মুহূর্তে আঙুল ফুটিয়ে ব্যাটে বল লাগার মতো শব্দ তৈরি করেন তিনি।

শব্দ শুনে উইকেটকিপার বলটি ধরে ফেলেন। এরপর সল্টবার্নের খেলোয়াড়রা আউটের আবেদন করলে আম্পায়ার নোমান শাবিরকে আউট ঘোষণা করেন। পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

টি সামনে আসার পর বিষয়টি তদন্ত করে লিগ কর্তৃপক্ষ। তদন্তের ভিত্তিতে পন্টিং এবং তার ক্লাবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে ২০২৮ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেটের সব ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবেন না পন্টিং। নিষেধাজ্ঞার সময়ে শুধু খেলোয়াড় হিসেবেই নয়, কোচ, আম্পায়ার কিংবা জুনিয়র দলের ম্যানেজার হিসেবেও কাজ করতে পারবেন না তিনি।

এ ঘটনায় ক্লাব সল্টবার্নকেও বড় ধরনের শাস্তি দেওয়া হয়েছে। দ্বিতীয় বিভাগ থেকে অবনমন ঘটিয়ে দলটিকে ২০২৭ মৌসুমে তৃতীয় বিভাগে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে লিগ কর্তৃপক্ষ। নতুন মৌসুমে তাদের শুরু করতে হবে ৬০ পয়েন্ট হারিয়ে। এ ছাড়া ক্লাবটিকে ৩০০ পাউন্ড জরিমানাও করা হয়েছে।

লিগ কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, তদন্তের সময় সল্টবার্নের একাধিক ম্যাচে পন্টিংসহ দলের অন্য সদস্যদের আচরণ নিয়ে অভিযোগ পাওয়া গেছে। যদিও ব্যক্তিগতভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে শুধু পন্টিংকে, তবে বিতর্কিত ঘটনায় দলের অন্যদের সম্পৃক্ততার বিষয়টিও তদন্তে উঠে এসেছে।

একটি ম্যাচে প্রতারণার মাধ্যমে আউটের ঘটনা শেষ পর্যন্ত ব্যক্তিগত নিষেধাজ্ঞার পাশাপাশি পুরো ক্লাবের অবনমনের কারণ হয়ে দাঁড়াল।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ