শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
২২শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১১:০৫ পিএমসর্বশেষ: ৫ নভেম্বর ২০২৬, ১১:০৫ পিএম
কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সুমন হালদার নামে এক শিক্ষার্থীকে অপহরণ করে আটকে রেখে শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। তাকে কারমাইকেল কলেজ ক্যাম্পাসে আটকে রাখা হয় বলে ভুক্তভোগী জানিয়েছেন।

এ অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার ভোরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মুরাদ হাসান মুহিদ, নাজমুল ইসলাম ও রতন মিয়া। পুলিশ জানিয়েছে, তারা নগরীর লালবাগ এলাকার চিহ্নিত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সুমন হালদার। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী। ঘটনার পর সুমন হালদার নিজেই বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা করেছেন।

পুলিশ ও ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার দুপুরে নগরীর লালবাগ এলাকা থেকে সুমনকে অপহরণ করে অভিযুক্তরা। পরে তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে কারমাইকেল কলেজ ক্যাম্পাসের ভেতরে নিয়ে আটকে রাখা হয়। সেখানে প্রায় আড়াই ঘণ্টা ধরে টাকা আদায়ের জন্য তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে আরও টাকা আদায়ের চেষ্টা করে অভিযুক্তরা। একপর্যায়ে বুধবার বিকালে তাকে ছেড়ে দেওয়া হয়।

ভুক্তভোগী সুমন হালদার জানান, নির্যাতনের পর মুক্তি পেয়ে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে সহপাঠী, প্রক্টর ও বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জকে বিষয়টি জানান।

ঘটনাটি ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। এর প্রতিবাদে বুধবার রাতে শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।

বৃহস্পতিবার দুপুরে নগরীর সেন্ট্রাল রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান সনাতন চক্রবর্তী ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে গোয়েন্দা পুলিশ অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ