নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সর্দার বাবাকে গ্রেফতারে পুলিশকে সহায়তা করার অভিযোগে উচিৎপুরা ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর খানকে কুপিয়ে জখম করেছে ছেলে।
বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকার একাধিক মামলার আসামি ডাকাত সর্দার আলমগীরকে বুধবার রাতে আটক করে পুলিশ। পুলিশ আলমগীরকে নিয়ে চলে গেলে ক্ষুব্ধ হয়ে তার ছেলে রায়হান উচিৎপুরা ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর খানের বিরুদ্ধে পুলিশকে সহায়তা করার অভিযোগ তোলেন। এর জের ধরে রায়হান তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এ সময় মঞ্জুর খানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী রায়হান পালিয়ে যান।
পরে স্বজন ও স্থানীয়রা আহত মঞ্জুর খানকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন ডাকাত সর্দার আলমগীরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।





