শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
২১শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১:০১ পিএমসর্বশেষ: ৬ নভেম্বর ২০২৬, ১:০১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। শুক্রবার (৬ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এই মিছিলের ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সুজন দত্ত তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মিছিলের একটি ভিডিও পোস্ট করলে তা মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা অংশের মালিহাতা নামক স্থানে জেলা যুবলীগের নেতাকর্মীরা এই ঝটিকা মিছিল বের করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জেলা যুবলীগের ব্যানার নিয়ে মহাসড়কে মিছিল করছেন। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দেন। একই সঙ্গে তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

মিছিলের ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানানো হয়। পাশাপাশি যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিও উল্লেখ করা হয়।

ঝটিকা মিছিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মমিন হোসেন, সরাইল উপজেলা যুবলীগ নেতা শেখ মো. মুন্না, সদর যুবলীগ নেতা রেজাউল হক এবং জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী আশিকুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।

নিষিদ্ধ সংগঠনের এই ঝটিকা মিছিল ও ফেসবুকে ভিডিও ভাইরালের ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ