রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
২৩শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

মিরপুরে চলছে ২ দিনব্যাপী আদিবাসী খাদ্য ও শস্য মেলা

মিরপুরে চলছে ২ দিনব্যাপী আদিবাসী খাদ্য ও শস্য মেলা...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ৯:৫৯ পিএমসর্বশেষ: ৬ নভেম্বর ২০২৬, ৯:৫৯ পিএম
মিরপুরে চলছে ২ দিনব্যাপী আদিবাসী খাদ্য ও শস্য মেলা

রাজধানীর মিরপুরে শুরু হয়েছে ২ দিনব্যাপী আদিবাসী খাদ্য ও শস্য মেলা। উন্নয়ন সংগঠন ‘নাগরিক উদ্যোগ’ আয়োজিত মেলায় পাহাড় ও সমতলের বৈচিত্র্যময় ঐতিহ্যবাহী খাবার ও কৃষিপণ্যের সমাহার ঘটেছে।

আজ শুক্রবার মিরপুর ১৩ নম্বরে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন রাঙ্গামাটির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'বাংলাদেশ যে বহু জাতিগোষ্ঠীর দেশ, এই মেলার মাধ্যমে সেই চিত্রই ফুটে উঠেছে। বর্তমান সরকার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। পাহাড়ে উৎপাদিত পণ্য কীভাবে দেশের সর্বত্র সহজে পৌঁছানো যায়, সে বিষয়ে সরকারি পর্যায়ে উদ্যোগ চলমান রয়েছে।'

আদিবাসীদের স্বাতন্ত্র্য পরিচয় ও রীতিনীতি তুলে ধরার পাশাপাশি নিরাপদ খাদ্য সংরক্ষণে মেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে মানবাধিকারকর্মী শিরিন পারভিন হক বলেন, 'আদিবাসীদের খাদ্যপণ্য এখনো অনেকাংশেই নিরাপদ ও ভেজালমুক্ত। নিরাপদ খাদ্য ব্যবস্থা সংরক্ষণের পাশাপাশি আদিবাসীদের জীববৈচিত্র্য ও ভূমির অধিকার রক্ষায় রাষ্ট্রকে কার্যকর ভূমিকা নিতে হবে।'

সভাপতির বক্তব্যে নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন বলেন, 'আদিবাসীদের ইতিহাস ও ঐতিহ্যকে মূলধারার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন।'

রাজধানী ঢাকায় আদিবাসীদের পণ্য বিক্রির জন্য একটি স্থায়ী ও আলাদা বাজার গড়ে তোলার দাবি জানান তিনি।

মেলায় পাহাড়ের জনপ্রিয় ব্যাম্বু শুট, কলাপাতায় রান্না করা হেসবাঙসহ বিভিন্ন জুমিয়া সবজি এবং পাহাড়ি অঞ্চলের ঐতিহ্যবাহী 'পাজন'-এর স্বাদ নেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি সমতলের মনিপুরী, গারো ও রাখাইন সম্প্রদায়ের ভোজনরসিকদের জন্য সাদা ও কালো বিনি চালের পিঠা এবং সাম্প্রতিক সময়ে বাঙালিদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠা 'মুন্ডি' মেলার অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।

আয়োজকরা জানান, শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।

মেলা উপলক্ষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি রয়েছে পাহাড় ও সমতলের ঐতিহ্যবাহী আদিবাসী নৃত্য পরিবেশনা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ