বরিশালের মুলাদীতে সাপের কামড়ে আজাহার হাওলাদার (৩৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সাপে কাটার পর হাসপাতালে না নিয়ে প্রথমে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখান থেকে বরিশালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার চরকালেখান ইউনিয়নের ষোলঘর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আজাহার হাওলাদার ওই গ্রামের সিকিম আলী হাওলাদারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১২টার দিকে বাড়ির কাছে বিলে গরুর জন্য ঘাস কাটতে যান আজাহার। এ সময় একটি সাপ তাকে কামড় দেয়। পরে স্থানীয় এক ওঝাকে ডেকে এনে তাকে ঝাড়ফুঁক করানো হয়। কিছুটা সুস্থ বোধ করায় বেলা আড়াইটার দিকে গোসল করেন তিনি। গোসলের পরপরই আবার অসুস্থ হয়ে পড়েন আজাহার। পরে ওই ওঝাকে ডাকা হলে তিনি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
স্বজনরা বিকাল সাড়ে ৪টার দিকে আজাহারকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে সেখানে নেওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।
আজাহারের প্রতিবেশী হুমায়ুন কবির বলেন, সাপে কাটার পরপরই তাকে হাসপাতালে না নিয়ে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। পরে অবস্থার অবনতি হলে বরিশালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বী বলেন, সাপে কাটার পর দ্রুত হাসপাতালে এনে প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম দিতে হয়। আজাহারকে বেলা ১২টার দিকে সাপে কামড় দিলেও স্বজনরা প্রায় সাড়ে চার ঘণ্টা পর বিকাল সাড়ে ৪টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশালে পাঠিয়েছিলেন।






