শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
২২শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রাজনীতি

৭ নভেম্বর থেকে শিক্ষা নিয়ে গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির

৭ নভেম্বর থেকে শিক্ষা নিয়ে গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ৪:২৩ পিএমসর্বশেষ: ৭ নভেম্বর ২০২৬, ৪:২৩ পিএম
৭ নভেম্বর থেকে শিক্ষা নিয়ে গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির

ঐতিহাসিক ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বিএনপিকে সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কারকে সংশোধনীর মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে।

শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানায় এনসিপি।

বিবৃতিতে বলা হয়, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত হয়েছিল ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান। এ দিনে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে এনসিপি।

এনসিপি বলেছে, স্বাধীন বাংলাদেশের স্বতন্ত্র রাজনৈতিক বিকাশ ও এ দেশের জনগণের আত্মত্যাগ বারবার আঞ্চলিক পরাশক্তি আত্মসাৎ করতে চেয়েছে। কিন্তু বাংলাদেশের অকুতোভয় জনগণ কখনো সিপাহী-জনতার অভ্যুত্থান, কখনো জুলাই বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনার জন্ম দিয়ে আধিপত্য ও দাসত্বের জিঞ্জির নস্যাৎ করে দিয়েছে।

বিবৃতিতে শহীদ জিয়াউর রহমান সম্পর্কে বলা হয়, সামরিক শাসকদের মধ্যে বিরলতম ব্যক্তিত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সামরিক পটভূমি থেকে উঠে এসে একদলীয় বাকশালী রাজনীতি বাতিল করে দেশে বহুদলীয় রাজনীতি পুনঃস্থাপন করেছেন। যদিও বাকশালি ফ্যাসিস্ট কাঠামো বহাল রেখে গণতন্ত্র প্রতিষ্ঠার তার এই প্রচেষ্টা পুরোপুরি সফল হয়নি।

এনসিপির বিবৃতিতে আরও বলা হয়, জিয়াউর রহমান বাকশালি কাঠামোর মধ্যে সংবিধানের পঞ্চম সংশোধনী করে গণতন্ত্র প্রবর্তন করতে চেয়েছিলেন। এই গণবিরোধী ফ্যাসিস্ট কাঠামো সুযোগ পাওয়া মাত্রই সেই পঞ্চম সংশোধনীকে আদালতের মাধ্যমে বাতিল করে দিয়েছিল।

বিএনপির সমালোচনা করে দলটি বলেছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি ইতিহাস থেকে কোনো ঐতিহাসিক, রাষ্ট্রনৈতিক কিংবা সাংবিধানিক শিক্ষা নেয়নি। তারা জুলাই সনদের মতো সংবিধানের মৌলিক পরিবর্তনকে আবারও অষ্টাদশ সংশোধনীর মধ্যে সংকুচিত করতে চাচ্ছে, যা ভবিষ্যতে যেকোনো সময় আদালত বা পরবর্তী সংসদের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে এনসিপি বলেছে, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কারকে সংবিধান সংশোধনের ক্ষুদ্র খোপে আঁটানোর অপচেষ্টা থেকে সরে আসুন। বাংলাদেশের জনগণের গণভোটের গণরায়কে সম্মান করে অবিলম্বে তা বাস্তবায়নের উদ্যোগ নিন। গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করুন।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই বিপ্লবের বদৌলতে প্রাপ্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে গণরায় অস্বীকার করলে ইতিহাসের কাঠগড়ায় একদিন দাঁড়াতে হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ