বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং একাধিক সিনেমায় নিজের প্রতিভার পরিচয় দিয়ে প্রশংসা পেয়েছেন। এবার অভিনেত্রী জুটি বাঁধতে চলেছেন 'ভাইজান'খ্যাত অভিনেতা সালমান খানের সঙ্গে। সিনেমার নাম ‘মাতৃভূমি’। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে এ সিনেমার একটি গান। সেই গানে কণ্ঠ দিয়েছেন সালমান খান নিজেই। সেই গানের দৃশ্যায়নে বলিউডের ভাইজানের সঙ্গে রয়েছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। এরপর থেকেই নতুন করে আলোচনায় উঠে এসেছে চিত্রাঙ্গদার ব্যক্তিগত জীবন, বিলাসবহুল জীবনযাপন এবং সম্পত্তির পরিমাণ।
চিত্রাঙ্গদা সিংয়ের অভিনয়জীবনের শুরু পরিচালক সুধীর মিশ্রের সিনেমা ‘হাজারো খোয়াহিশেঁ অ্যায়সী’ দিয়ে। প্রথম সিনেমাই নজর কেড়েছিলেন তিনি। এরপর ‘কাল: ইয়েস্টার্ডে অ্যান্ড টুমরো’, ‘সরি ভাই!’, ‘ইয়ে সালি জিন্দেগি’, ‘দেশি বয়েজ’ এবং ‘ইনকার’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী।
শুধু বড়পর্দাতেই নয়, ওটিটিতেও কাজ করেছেন চিত্রাঙ্গদা। ‘বব বিশ্বাস’, ‘মডার্ন লাভ মুম্বাই’ এবং ‘গ্যাসলাইট’-এর মতো সিরিজে দেখা গেছে তাকে।
তার চরিত্রের মতো সম্পত্তির পরিমাণও কম আকর্ষণীয় নয়।
জানা গেছে, চিত্রাঙ্গদার আনুমানিক সম্পত্তির পরিমাণ প্রায় ৩৫ থেকে ৪০ কোটি টাকা। ছবি, বিজ্ঞাপনসহ অন্যান্য কাজ থেকেই মূলত তার এ উপার্জন। বলিউড সূত্রে জানা গেছে, সিনেমাপ্রতি অভিনয়ের জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক নেন চিত্রাঙ্গদা।
মুম্বাইয়ের অন্যতম অভিজাত এলাকা বান্দ্রার পালিহিলে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন অভিনেত্রী। তার জীবনযাপনও যথেষ্ট আভিজাত্যে মোড়া।
উল্লেখ্য, আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা সালমান খান ও চিত্রাঙ্গদা সিংৃয়েরর সিনেমা ‘মাতৃভূমি’। প্রথম বার সলমনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী। এই ছবি নিয়ে দর্শকের আগ্রহও তুঙ্গে।






