গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সহিংসতার অপচেষ্টা ঠেকাতে এই উদ্যোগ বলে জানা গেছে।
আনসার বাহিনীর নিরাপত্তা কার্যক্রমের ফলে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পাশাপাশি পোশাক কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রমও সচল রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
সোমবার (৯ নভেম্বর) বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ ও ৬ নভেম্বর থেকে শুরু হওয়া বিশেষ নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছয় প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় গাজীপুরের ভোগড়া বাইপাস, মাওনা, গাছা, মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, তেলিপাড়া, চান্দনা চৌরাস্তা ও সালনাসহ বিভিন্ন পয়েন্টে আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি), ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়ন ও মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়নের ছয় প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে নারায়ণগঞ্জের চাষাড়া, ফতুল্লা, বিসিক ও কাঁচপুর এলাকায় নবাবগঞ্জ আনসার ব্যাটালিয়ন, গোপালগঞ্জ আনসার ও মাদারীপুর আনসার ব্যাটালিয়নের চার প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। তারা জনসাধারণের জানমালের সুরক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাঠপর্যায়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১০ জন কোম্পানি কমান্ডার ও সার্কেল অ্যাডজুটেন্ট সরাসরি দায়িত্ব পালন করছেন। সার্বিক নিরাপত্তা ও তদারকিতে রয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গণী এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের জেলা কমান্ড্যান্টরা।
এ ছাড়া গাজীপুরে উপ-পরিচালক রাফিউদ্দিন জাকারিয়া ও সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদ এবং নারায়ণগঞ্জে সহকারী পরিচালক মো শাহীন মিয়া নিরাপত্তা কার্যক্রম সমন্বয় করছেন।
তথ্য সরবরাহ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর গোয়েন্দা ইউনিট এবং স্থানীয় আনসার-ভিডিপির স্বেচ্ছাসেবী সদস্যরাও নিয়োজিত রয়েছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার সদস্যদের এই যৌথ নিরাপত্তা কার্যক্রমের ফলে পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। এতে শিল্পাঞ্চলে উৎপাদন সচল রয়েছে এবং জনমনে স্বস্তি ফিরেছে বলেও উল্লেখ করা হয়।






