বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক আহসান আল মুমিন।
যুব এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ব্যাট হাতে রেকর্ড গড়েছেন বাংলাদেশের সহ-অধিনায়ক আহসান আল মুমিন। তার দুর্দান্ত অপরাজিত ১৫২ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ৩০৩ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
চার নম্বরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন মুমিন। একপ্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ১৩৩ বলের দুর্দান্ত ইনিংসে ১০টি চার ও ৬টি ছক্কা হাঁকান এই তরুণ ব্যাটার। দলের মোট রানের অর্ধেকেরও বেশি এসেছে তার ব্যাট থেকে।
এই ইনিংসের মধ্য দিয়ে যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন মুমিন। এর আগে রেকর্ডটি ছিল পিনাক ঘোষের দখলে। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪০ বলে ১৫০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। প্রায় ১১ বছর পর সেই রেকর্ড ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছালেন মুমিন।
এশিয়া কাপের 'বি' গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচের একটিতে জয় এবং অন্যটিতে হারের মুখ দেখেছে বাংলাদেশ। ফলে সেমিফাইনালে জায়গা করে নিতে মালয়েশিয়ার বিপক্ষে আজকের শেষ ম্যাচটি জেতা গুরুত্বপূর্ণ।






