সাভারের পৃথক স্থানে দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ সোমবার ভোররাতে গেন্ডা ও বলিয়ারপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে পার্ক করে রাখা দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সাভার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ভোররাত ১টার দিকে আমরা গেন্ডা এলাকায় সড়কের পাশে পার্ক করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের খবর পাই। দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি পোশাকশ্রমিকদের পরিবহনে ব্যবহৃত হতো।
এরপর বলিয়ারপুর এলাকায় ইতিহাস পরিবহনের আরও একটি পার্ক করা বাসে অগ্নিসংযোগের খবর আসে। ভোররাত ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়, জানান তিনি।
জাহাঙ্গীর আরও জানান, দুটি বাসেরই সিট ও ভেতরের ইন্টেরিয়র পুড়ে গেছে।
যোগাযোগ করা হলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘আওয়ামী লীগের নাশকতার অংশ হিসেবে বাস দুটিতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে ধারণা করছি।
‘সড়কের পাশে যত্রতত্র বাস পার্ক করে রাখার সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি,’ বলেন তিনি।






