প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। একই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধান ও তাদের নিরাপদ প্রত্যাবাসনে তুরস্কের অব্যাহত সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
এসব বিষয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ উপলক্ষে রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন শুরুর আগে দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানো, যৌথ বিনিয়োগের সুযোগ তৈরি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনা আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এরদোয়ানের সঙ্গে তাঁর আগের বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন। ওই বৈঠকের পর দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিরক্ষা খাতে বিদ্যমান সহযোগিতার পরিধি বাড়ানোর পাশাপাশি এ খাতে যৌথ বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানোর ওপর জোর দেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রতিরক্ষা খাতে তুরস্কের অভিজ্ঞতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সুযোগ রয়েছে। এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনা এবং পারস্পরিক যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ খাতে দুই দেশের মধ্যে অংশীদারত্ব গড়ে তোলার মাধ্যমে পারস্পরিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনার বিষয়টি আলোচনায় উঠে আসে।
রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সংকটে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা অব্যাহত রাখায় তুরস্ককে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের পাশে থেকে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। বিশেষ করে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবিলা, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে দুই দেশের সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা হয়।






