নাম ও ঠিকানায় মিল থাকায় অস্ত্র মামলায় দণ্ডিত এক আসামির বদলে অন্য একজনকে কারাভোগ করতে হয়েছে এক বছরেরও বেশি সময়। ভুক্তভোগীকে অবিলম্বে মুক্তি দিতে কারা কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
নিজের আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে এবং কারাগার থেকে মুক্তির নির্দেশনা চেয়ে ভুক্তভোগী আলমাসের করা আবেদনের শুনানি শেষে গতকাল রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদেশে বলা হয়, আবেদনকারীকে বেআইনিভাবে আটক রাখা হয়েছে বলে আদালত প্রাথমিকভাবে নিশ্চিত হতে পেরেছেন। তাই বর্তমান পরিস্থিতিতে তাকে আরও আটক রাখা সমীচীন হবে না এবং তাকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত।
ঢাকা জেলার দোহার থানার কুসুমহাটি ডাকঘরের সুন্দরীপাড়া গ্রামের শেখ খলিল ও রুশনা বেগমের ছেলে মো. আলমাস কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।
হাইকোর্ট বেঞ্চ আদেশে বলেন, ৫ নম্বর বিবাদী অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ, ঢাকার সিনিয়র জেল সুপারকে এ আদেশের অনুলিপি পাওয়ামাত্র আবেদনকারীকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
আবেদনকারী আলমাসের আইনজীবী মো. তানভীর আহমেদ সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশ কেরানীগঞ্জ কারাগারে পৌঁছানোর পর মুক্তি পাবেন আলমাস।
তিনি বলেন, ৫ নভেম্বর হাইকোর্টে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে প্রমাণ হয়েছে, সাজা ভোগ করা ব্যক্তি অস্ত্র মামলায় দণ্ডিত ব্যক্তি নন। প্রকৃত দণ্ডিত আসামি মোহাম্মদ আলমাস বিচার শুরুর পর থেকেই পলাতক। ঢাকার মিরপুর থানায় দায়ের করা একটি অস্ত্র মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
গত বছরের ৪ নভেম্বর গ্রেপ্তার করে কারাগারে পাঠানো আলমাসের বাবার নাম শেখ খলিল এবং তিনি ঢাকার দোহারের কুসুমহাটির বাসিন্দা। মামলাটির সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। প্রকৃত দণ্ডিত আসামি আলমাস ঢাকার দোহারের নয়াবাড়ি ইউনিয়নের পূর্ব ধোয়াইর গ্রামের মোহাম্মদ খলিলুর রহমানের ছেলে।
এ বিষয়ে আইনি প্রতিকার চেয়ে ভুক্তভোগী আলমাস হাইকোর্টে রিট আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ঘটনাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান তদন্ত করে হাইকোর্টে প্রতিবেদন জমা দেন। এতে ভুল গ্রেপ্তারের পেছনে কয়েকটি অসঙ্গতির বিষয় উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, ফরওয়ার্ডিং প্রতিবেদন, পুলিশ প্রতিবেদন ও গ্রেপ্তারি পরোয়ানায় আসামির ঠিকানা ভুলভাবে লেখা হয়েছিল। ভুক্তভোগী আলমাস ২০০৭ সালের আগে দক্ষিণ বাহরা ডাকঘরের বাহরা গ্রামে বসবাস করতেন। প্রকৃত দণ্ডিত আসামিও একই ডাকঘরের অধীন একটি গ্রামের বাসিন্দা ছিলেন। ফলে তাদের ঠিকানা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।
তাদের বাবার নামে কিছুটা মিল থাকাও এই ভুলের পেছনে ভূমিকা রাখে। তবে তাদের বাবা ও দাদার নামে পার্থক্য রয়েছে। গ্রেপ্তার হওয়া আলমাসের বাবার নাম শেখ খলিল এবং দাদার নাম শেখ নওয়াব আলী। অন্যদিকে, মামলার নথিতে দণ্ডিত আসামির বাবার নাম খলিল আহমেদ এবং দাদার নাম শেখ শাহোর আলী।
দুই পরিবারের ভাইবোনদের মধ্যেও কোনো মিল পাওয়া যায়নি বলে তদন্তে উঠে এসেছে। প্রকৃত দণ্ডিত আসামিরা তিন বোন ও এক ভাই। অন্যদিকে, গ্রেপ্তার হওয়া আলমাসের আরও দুই ভাই ও দুই বোন রয়েছেন।
তাদের বয়সেও উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। প্রকৃত দণ্ডিত আসামির বয়স ২০০২ সালে ছিল ২৪ বছর। সে হিসাবে ২০২৬ সালে তার বয়স হওয়ার কথা প্রায় ৪৮ বছর। অন্যদিকে, গ্রেপ্তার হওয়া আলমাসের জন্ম ১৯৮৫ সালের ১০ ডিসেম্বর। সে হিসাবে ২০০২ সালে তার বয়স ছিল ১৭ বছর।
আইনজীবী তানভীর বলেন, ‘কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আমার মক্কেলের জন্য ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে আবেদন করব।






