নারায়ণগঞ্জের ফতুল্লার একটি আবাসিক মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে অন্তত ৬৩ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
আজ মঙ্গলবার ভোররাত পৌনে ২টার দিকে ভূঁইগড়ের শান্তিধারা এলাকায় জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
তিনি জানান, গভীর রাতে আবাসিক মাদ্রাসাটির পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় পাঠাগার ও অফিস কক্ষে আগুন লাগে। সেখানে বই ও কাগজপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ভোর পৌনে ৪টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় দমকল কর্মীরা।
আরেফিন বলেন, ‘মাদ্রাসাটিতে ১ হাজার ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করে, তাদের বেশিরভাগই আবাসিক। গভীর রাতে যখন আগুন লাগে তখন সবাই ঘুমে। আগুনের ধোঁয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তাদের অনেকে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আগুনের প্রাথমিক উৎস বৈদ্যুতিক শর্ট সার্কিট বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে, তদন্তের পর নিশ্চিতভাবে কারণ জানা যাবে বলে জানান উপসহকারী পরিচালক।
এদিকে, সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার সাংবাদিকদের জানান, মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত মোট ৬৩ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন।
‘আক্রান্তদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। বাকি রোগীদেরও প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আরও রোগী জরুরি বিভাগে আসছে,’ বলেন ওই চিকিৎসক।
আইসিইউতে থাকা চার শিক্ষার্থী হলেন—ইউসুফ (১৮), খাইরুল (২২), জোবায়ের (১৮) ও ইউসুফ (১৮)।






