মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

রাবার বুলেটের আঘাত নিয়ে ২ শ্রমিক হাসপাতালে, পুলিশের অস্বীকার

রাবার বুলেটের আঘাত নিয়ে ২ শ্রমিক হাসপাতালে, পুলিশের অস্বীকার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ৩:২৮ পিএমসর্বশেষ: ১০ নভেম্বর ২০২৬, ৩:২৮ পিএম
রাবার বুলেটের আঘাত নিয়ে ২ শ্রমিক হাসপাতালে, পুলিশের অস্বীকার

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল।

কয়েক দিনের বিরতির পর আজ মঙ্গলবার সকালে জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েকটি কারখানার শ্রমিকেরা। এ সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত দুজন শ্রমিক আহত হয়েছেন।

আহতরা হলেন আলমগীর হোসেন ও রাফিয়া বেগম। তারা দুজনই স্টারলিং স্টাইল কারখানার শ্রমিক বলে জানা গেছে।

রাবার বুলেটে ওই দুই শ্রমিক আহত হয়েছেন বলে দাবি করেছে আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ। তবে শিল্প পুলিশ বলছে, তারা কোনো রাবার বুলেট ছোড়েনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ সকালে নির্ধারিত সময়েই শিল্পাঞ্চলের প্রায় সব কারখানায় কাজে যোগ দেন শ্রমিকেরা। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা দাবি আদায়ে কর্মবিরতি পালন করেন। সকাল সাড়ে ১০টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

এ সময় পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করলে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ আজ বেলা সোয়া ১২টার দিকে সাংবাদিকদের বলেন, দুজন পোশাকশ্রমিক মাথা ও শরীরে আঘাত নিয়ে হাসপাতালে এসেছিলেন। তাদের দুজনেরই রাবার বুলেটের আঘাত ছিল।

তিনি আরও বলেন, রাফিয়া বেগমের মাথায় আঘাত থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর আলমগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু সাংবাদিকদের বলেন, শ্রমিক অসন্তোষের জেরে গতকাল ৯ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিউএজ গ্রুপের কয়েকটি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ ঘোষণা করা হয়।

তিনি বলেন, আজ সকালে শ্রমিকেরা নিউএজ গ্রুপের কারখানার সামনে বিক্ষোভ করলে আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকেরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করলে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

মিন্টু আরও বলেন, কয়েকজন শ্রমিক তাকে জানিয়েছেন, পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। এতে বেশ কয়েকজন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন বলেও তারা দাবি করেছেন।

তবে শিল্প পুলিশের দাবি, শ্রমিকদের লক্ষ্য করে শুধু টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। কোনো গুলি বা রাবার বুলেট ছোড়া হয়নি।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া দুপুর সোয়া ১২টার দিকে সাংবাদিকদের বলেন, সকালে জামগড়া এলাকায় পোশাকশ্রমিকেরা সড়কে নেমে এলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, জামগড়ার পরিস্থিতি এখন স্বাভাবিক। তবে জিরাবো এলাকায় শ্রমিকেরা একত্রিত হচ্ছেন।

রাবার বুলেটের আঘাত নিয়ে দুই শ্রমিকের হাসপাতালে চিকিৎসা নেওয়ার বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার জানান, তারা কোনো রাবার বুলেট ব্যবহার করেননি। এগুলো আওয়ামী লীগের অপপ্রচার। এ ধরনের অস্ত্র শিল্প পুলিশের কাছে নেই।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বেলা ৩টার দিকে সাংবাদিকদের বলেন, দুজন শ্রমিক আহত হওয়ার বিষয় সম্পর্কে নিশ্চিত হয়েছে। তবে তারা ইটের কিংবা অন্য কোনো বস্তুর আঘাতে আহত হয়ে থাকতে পারেন। পুলিশের পক্ষ থেকে কোনো রাবার বুলেট ছোড়া হয়নি, এটা নিশ্চিত করে বলতে পারি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ