নাশকতা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটিয়ে বিপুলসংখ্যক মানুষের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারের কোনো ক্ষতি করা যাবে না জানিয়ে ইশরাক হোসেন বলেন, কিছুদিন আগে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচক্ষণতার সঙ্গে তা মোকাবেলা করেছে বলে আমরা মনে করি।
তিনি বলেন, আজ তথাকথিত হরতাল চলছে। এ হরতালের কোনো মূল্য নেই। বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদী আওয়ামী লীগকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা একটি নিষিদ্ধ দল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে তারা যে গণহত্যা চালিয়েছে, তার বিচার হবে। আদালত থেকে সিদ্ধান্ত নেওয়া হবে, তারা রাজনীতি করতে পারবে কি না।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রসঙ্গে ইশরাক বলেন, কিছুদিন ধরে তারা যা করছে, তার কোনো রাজনৈতিক ভিত্তি নেই। আওয়ামী লীগের নেতারা দেশের বাইরে থেকে নির্দেশনা দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন। এসব করে কোনো লাভ হবে না। দেশের জনগণ তা মানে না। সকাল থেকেই দেখা যাচ্ছে, হরতালের কোনো চিহ্ন নেই। যানজট আগের মতোই রয়েছে, যানবাহন চলাচলও স্বাভাবিক।
দেশের জনগণের উদ্দেশে এই সংসদ সদস্য বলেন, আমাদের যে অবস্থান, সে অবস্থান জোরালোভাবে ধরে রাখতে হবে এবং আমরা এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব।
সরকারের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, আমরা যে অবস্থায় ক্ষমতায় এসেছি, আমরা দেশটাকে ভালো করার চেষ্টা করছি, আইনশৃঙ্খলা ভালো করার চেষ্টা করছি। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং সফল হব ইনশাআল্লাহ।
বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। ১৮ কোটি জনগণের বিপরীতে পুলিশের সংখ্যা নিতান্তই কম। পুলিশ সদস্যদের একার পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টকর। এ কারণে রাজনৈতিকভাবেও পরিস্থিতি মোকাবেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, নিজ নিজ এলাকায় নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে নাশকতার বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ইশরাক বলেন, বন্দিবিনিময়ের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির কার্যক্রম শুরু হয়েছে। গণহত্যার আসামি হিসেবে তাকে বাংলাদেশে ফেরত চাওয়া হচ্ছে।






