দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সকল অপতৎপরতা ও চক্রান্ত রাজপথে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টায় ক্যাম্পাসগুলোতে ককটেল বিস্ফোরণ, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
এর আগে, শাহপরান হলের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে প্রধান ফটকে (মেইন গেটে) গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান, সহসভাপতি মুহাম্মদ সোহাগ এবং সাধারণ সম্পাদক নাঈম সরকার। এসময় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলে নেতাকর্মীরা ছাত্রলীগের নৈরাজ্য ও চক্রান্তের বিরুদ্ধে নানা প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়। এসময় ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘আপা আপা করিসনা, তোদের আপা আসবে না’, ইত্যাদি স্লোগান দেন তারা।
ছাত্রদল সভাপতি রাহাত জামান বলেন, ‘আমরা চাই মেধা ও মননের চর্চা, কোনো পেশিশক্তি বা ত্রাসের রাজনীতি নয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে যে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, শাবিপ্রবি ছাত্রদল তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ছাত্রদল সবসময় ঢাল হয়ে দাঁড়াবে।
সমাবেশে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ‘ছাত্রলীগ একটি নিষিদ্ধ ও চিহ্নিত সন্ত্রাসী সংগঠন। ক্যাম্পাসে কিংবা দেশের কোথাও তাদের কোনো ধরনের নৈরাজ্য সহ্য করা হবে না। শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রদল কঠোর অবস্থান নেবে।
তিনি আরো বলেন, ‘ছাত্রলীগের যেকোনো অপতৎপরতা ও চক্রান্ত রাজপথে থেকে প্রতিহত করতে শাবিপ্রবি ছাত্রদল প্রস্তুত রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে সন্ত্রাসীদের এই চক্রান্ত নস্যাৎ করা হবে।
নেতাকর্মীরা অবিলম্বে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ককটেল বিস্ফোরণ ও নাশকতায় জড়িত ছাত্রলীগ ক্যাডারদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানান।






