অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল।
স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান-২ এর (এসআরবি) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেছেন, ‘খুব কাছাকাছি গিয়েও’ অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করতে না পেরে হতাশ এসআরবি। তিনি আরও বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুক্রবার (১৩ নভেম্বর) গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
এসআরবির এই কর্মকর্তা বলছেন, বুধবার গাড়ির জানালা দিয়ে ছিনতাই হওয়া আসিফ নজরুলের মোবাইল ফোনটি বৃহস্পতিবার সকালেও চালু ছিল। মিরপুরে স্যারের মোবাইলের খুব কাছাকাছি আমরা ছিলাম। ২২০ মিটার দূরে, চেষ্টা চলছিল।
গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি থেকে নিউমার্কেটের দিকে যাওয়ার পথে সোবহানবাগ এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন আসিফ নজরুল। গাড়ির খোলা জানালা দিয়ে ছোঁ মেরে তার মোবাইল ফোনটি নিয়ে যায় দুর্বৃত্তরা।
এই ঘটনায় শেরেবাংলা নগর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে স্থানীয় থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং এসআরবি ঘটনার তদন্ত শুরু করে।






