বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ড। একইসঙ্গে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।
আজ শনিবার সুইজারল্যান্ডের জেনেভায় দেশটির সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের এক বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি এবং সংসদ সদস্য সাঈদ আল নোমান বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
বৈঠকে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়াবিষয়ক বিভাগের প্রধান রাষ্ট্রদূত মার্কুস লাইটনার, রাষ্ট্রদূত ক্লদিও ফিশার, দেশটির সংসদ সদস্য এবং সংসদীয় সহযোগিতা বিভাগের পরিচালক উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং উন্নয়ন সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে স্বাগত জানায় সুইজারল্যান্ড। পাশাপাশি রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধানে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেয় দেশটি।
বৈঠকটি বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় সংলাপ এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।






