শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

স্ত্রীকে বলেছিলেন কাল বাড়ি ফিরবেন, রাতে বাসে আগুনে মৃত্যু

স্ত্রীকে বলেছিলেন কাল বাড়ি ফিরবেন, রাতে বাসে আগুনে মৃত্যু...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ৮:১৫ পিএমসর্বশেষ: ১৪ নভেম্বর ২০২৬, ৮:১৫ পিএম
স্ত্রীকে বলেছিলেন কাল বাড়ি ফিরবেন, রাতে বাসে আগুনে মৃত্যু

রাতে বাসেই থাকবেন, পরদিন ট্রিপ শেষ করে বাড়ি ফিরবেন—স্ত্রীকে ফোনে এই কথা বলেছিলেন বাসচালক মো. কালাচান শেখ (৬০)। এরপর বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েছিলেন তিনি। কিন্তু তার বাড়ি ফেরা হয়নি।

গত মঙ্গলবার ভোররাতে ফরিদপুরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে পার্কিং করা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরে থাকা চালক কালাচান শেখ গুরুতর দগ্ধ হন। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কালাচান গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের মালিক বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করেছেন।

তিন সন্তান ও প্রায় শতবর্ষী অসুস্থ শাশুড়িকে নিয়ে এখন অনিশ্চয়তায় পড়েছেন কালাচানের স্ত্রী ময়না বেগম।

তিনি বলেন, ‘সোমবার রাত ১০টার দিকে হোটেলে খেয়ে তিনি আমাকে ফোন করেছিলেন। বলেছিলেন, আজ বাড়ি যাব না, কাল যাব। রাতে বাসেই থাকতে হবে। পরে রাত আড়াইটার দিকে বাসে আগুন লাগার খবর পাই। ধোঁয়ায় শ্বাস আটকে আমার স্বামী মারা গেছেন। বৃদ্ধ শাশুড়িসহ পাঁচজনের সংসার তিনিই একাই চালাতেন। আমি এখন অসহায়।

নিহতের বড় ছেলে মিথুন শেখ বলেন, রাতে বাস পাহারা দিতে গিয়ে তার বাবা মারা গেছেন। কিন্তু বাসের মালিকপক্ষ এখন পর্যন্ত তাদের খোঁজ নেয়নি।

তিনি বলেন, অনেকেই আমাদের মামলা করতে বলছেন। কিন্তু কার বিরুদ্ধে মামলা করব? এখন পর্যন্ত বাবার মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়েও কেউ আমাদের কিছু জানায়নি।

কালাচান শেখের ছোট ভাই রেজাউল শেখ জানান, হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে লাশ বাড়িতে এনে দাফন করা হয়েছে।

দিকনগর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হক হাওলাদার বলেন, কালাচান ভালো মানুষ ছিলেন। তার দুই ছেলে ও এক মেয়ে লেখাপড়া করে। তার আয়ের ওপরই পুরো পরিবার নির্ভরশীল ছিল। তার মৃত্যুতে পরিবারটি চরম সংকটে পড়েছে।

ঘটনার দিন ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান সাংবাদিকদের জানান, ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী কিশোর-তনয় পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনার সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচান। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত করছে বলেও জানান তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ