সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

পদ্মার তিন বড় মাছ বিক্রি হলো ১ লাখ ৫৯ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে দুটি বড় কাতল ও একটি বাঘাইড় মাছ। মাছ তিনটির মোট ওজন ৭২ কেজি, যা এক কাতার প্রবাসী কিনে নেন ১ লাখ ৫৯ হাজার ৫০০ টাকায়।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ৯:২৯ পিএমসর্বশেষ: ২ নভেম্বর ২০২৬, ৯:২৯ পিএম
পদ্মার তিন বড় মাছ বিক্রি হলো ১ লাখ ৫৯ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে দুটি বড় কাতল ও একটি বাঘাইড় মাছ। মাছ তিনটির মোট ওজন ৭২ কেজি। এক কাতার প্রবাসী মাছ তিনটি ১ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা দিয়ে কিনে নেন।

সোমবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জেলে সেকেন সরদারের জালে মাছ তিনটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ঘাটের শিপন মণ্ডলের মৎস্য আড়তে মাছগুলো এনে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

জানা গেছে, সেকেন সরদার তার জেলেদের নিয়ে সোমবার সকালে পদ্মা নদীতে মাছ শিকারে যান। অনেকক্ষণ পর জাল তুলতেই দেখতে পান জালে আটকা পড়েছে দুটি বড় আকৃতির কাতল ও একটি বাঘাইড় মাছ। মাছগুলো শিপন মণ্ডলের মৎস্য আড়তে এনে ওজন দিয়ে দেখা যায়, বাঘাইড়টির ওজন ২৫ কেজি এবং একটি কাতলের ওজন ২৫ কেজি ও অপর কাতলটির ওজন ২২ কেজি।

স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, উন্মুক্ত নিলামের মাধ্যমে তিনি ২ হাজার ৩০০ টাকা কেজি দরে ২৫ কেজি ওজনের কাতলটি ৫৭ হাজার ৫০০ টাকায় এবং ২২ কেজি ওজনের কাতলটি ৫০ হাজার ৬০০ টাকা দিয়ে কিনে নেন। এ ছাড়া ২৫ কেজি ওজনের বাঘাইড় মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৪০ হাজার টাকা দিয়ে কেনেন। সব মিলিয়ে মাছ তিনটি কিনতে তার খরচ হয় ১ লাখ ৪৮ হাজার ১০০ টাকা।

পরে বিক্রির জন্য অনলাইনে মাছ তিনটির ছবি ও ভিডিও শেয়ার দিলে এক কাতার প্রবাসী কেনার জন্য যোগাযোগ করেন। পরে কাতল দুটি ২ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ১ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় এবং বাঘাইড় মাছটি প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে ৪২ হাজার টাকাসহ মোট ১ লাখ ৫৯ হাজার ৫০০ টাকায় তার কাছে বিক্রি করে দেন।

আড়ৎদার শিপন মণ্ডল বলেন, সকালে জেলে সেকেন সরদার মাছগুলো নিয়ে আড়তে আসেন। পরে মাছ ব্যবসায়ী শাহজাহান উন্মুক্ত নিলামে মাছগুলো কিনে নেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ