ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর মিলানে বসেছে ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’। আন্তর্জাতিক ফ্যাশনের এই মঞ্চে অভিষেকেই নজর কাড়লেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তাঁর পরনে ছিল অনামিকা খান্নার সর্বশেষ কতুর সংগ্রহ ‘মুনলিট প্যালেস’-এর অফ-দ্য-রানওয়ে বিশেষ একটি কালো গাউন।
স্বচ্ছ কালো লেসের ওপর সূক্ষ্ম এমব্রয়ডারি, ফুলের অ্যাপ্লিকে, বিড ওয়ার্ক এবং ক্রিস্টাল-স্টাডেড কারুকাজে তৈরি এই গাউনটিতে আধুনিকতা ও নাটকীয়তার মেশবন্ধ ঘটেছে। স্লিভলেস ও হাই-নেক নকশার মেঝেছোঁয়া পোশাকটির সিলুয়েটে কাঠামোবদ্ধ কোরসেটের ছাপ স্পষ্ট। ফুলেল অ্যাপ্লিকের সঙ্গে ছড়িয়ে থাকা সিকুইনের ঝলক এবং কলারে বসানো ক্রিস্টাল আরও বাড়িয়ে তুলেছে পোশাকের নাটকীয় চরিত্র।
গাউনটি তৈরি করতে ডিজাইনারের স্টুডিওতে লেগেছে প্রায় ৩৫০ ঘণ্টা। কালো লেসের ওপর বিভিন্ন ধরনের সারফেস এমবেলিশমেন্টের মাধ্যমে জটিল নকশা ফুটিয়ে তোলা হয়েছে। পোশাকের নকশাই যেহেতু ছিল মূল আকর্ষণ, তাই রাশমিকার গয়নায় রাখা হয়েছে মিনিমাল টাচ। স্বরোভস্কির ইয়ার কাফ ও আংটি, ব্রোঞ্জ টোনের মেকআপ, ব্লো-ড্রাই করা লম্বা চুল এবং কালো সাটিনের থাই-হাই বুটে তাঁর সাজকে করেছে আকর্ষণীয়।
ইতালির শতবর্ষের ফ্যাশন ঐতিহ্য উদযাপনকে সামনে রেখে এবারের আয়োজনে রেনেসাঁর অলংকরণ, শিল্পবিপ্লব এবং ঐতিহ্যবাহী ইতালীয় ফ্যাশন হাউস থেকে ভবিষ্যতের ফ্যাশন—বিভিন্ন অধ্যায়কে কেন্দ্র করে সাজানো হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে ভোগ ওয়ার্ল্ডের মঞ্চ। সেখানে ভারতীয় ডিজাইনারের তৈরি ওই বিশেষ কালো গাউনে রাশমিকার লুক সবার মধ্যে আলাদা করে চোখে পড়েছে।




