ইউটিউবে প্রকাশের মাত্র দুই দিনের মধ্যে এক কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়ে 'ভালো আছো তো?' নাটকটি দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। নাটকটির মাধ্যমে ফের আলোচনায় এসেছে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা জুটি।
নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও নীহা। এর আগে 'মন দুয়ারি' ও 'মায়াপাখি' নাটকেও একসঙ্গে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তারা।
প্রকাশের পর থেকেই নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। ইউটিউবে দর্শকদের মন্তব্যেও দেখা যাচ্ছে ইতিবাচক প্রতিক্রিয়া। গল্পের শুরুতেই চমক, ঘটনার ধীরে ধীরে গভীরতা পাওয়া, স্বাভাবিক সংলাপ এবং আবেগনির্ভর উপস্থাপন নাটকটিকে দর্শকের কাছে আকর্ষণীয় করে তুলেছে।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা জাকারিয়া সৌখিন ডেইলি বরিশাল-কে জানান, নিজের পছন্দ ও ভাবনার সঙ্গে মিল রেখে কাজ করতে পারা এবং সেই কাজের স্বীকৃতি পাওয়া তার কাছে আনন্দের। এই অর্জনকে নিজের একার নয়, বরং প্রযোজক, অভিনয়শিল্পী, দর্শক ও পুরো দলের সম্মিলিত সাফল্য হিসেবে দেখছেন তিনি।
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পুর মতে, দর্শকের চাহিদা বিবেচনায় রেখে মানসম্মত ও রুচিশীল কাজ তৈরির চেষ্টা করে সিএমভি। 'ভালো আছো তো?' নাটকের সাফল্য ভবিষ্যতের কাজের জন্যও অনুপ্রেরণা জোগাবে।



