সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
১১ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

গুলির সময় গাড়িতে থাকার কথা থাকলেও ছিলাম স্টুডিওতে: আসিফ আকবর

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তিনি মনে করছেন, এটি তাকে হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে।

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৬ পিএমসর্বশেষ: ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৬ পিএম
গুলির সময় গাড়িতে থাকার কথা থাকলেও ছিলাম স্টুডিওতে: আসিফ আকবর

শনিবার ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। ঘটনার সময় তিনি গাড়িতে না থাকলেও আসিফ আকবর মনে করছেন, তাকে হত্যার উদ্দেশ্যেই গুলি চালানো হয়েছিল।

আসিফ আকবর সাংবাদিকদের জানান, আমার যেমন সমর্থক আছেন, তেমনি বিরোধীর সংখ্যাও কম নয়। হত্যার উদ্দেশ্যেই আজ আমার গাড়িতে গুলি করা হয়েছে। কয়েক মাস ধরেই ঝামেলার আশঙ্কা করছিলাম। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। গত ৪০ দিন ধরে আমার ফেসবুক ও ইনস্টাগ্রাম বন্ধ।

তিনি আরও বলেন, কণ্ঠশিল্পী হওয়ার পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলাম। তবে এখন শুধু গান নিয়েই থাকতে চাই। আমাদের ধারণা, হামলাকারীরা কয়েক দিন ধরে আমার গতিবিধি পর্যবেক্ষণ করেছিল। কারণ, ঘটনার সময় আমার গাড়িতে থাকার কথা থাকলেও ছিলাম স্টুডিওতে। সেখান থেকেই সিসিটিভি ফুটেজে গাড়ির সামনে কিছু একটা ঘটতে দেখি। পরে নিচে নেমে গুলির ঘটনা বুঝতে পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করি।

এই সংগীতশিল্পী বলেন, এ ঘটনায় হাতিরঝিল থানায় অভিযোগ করবেন। এ বিষয়ে জানতে চাইলে হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশনস) সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আসিফ আকবর এখনো কোনো অভিযোগ করেননি। তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা তার বাসায় গেছেন। পুলিশ এ ঘটনায় কাজ করছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এতে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে একজনকে গুলি ছুড়তে দেখা গেছে। তবে তার চেহারা স্পষ্ট নয়। রোববার আশপাশের সড়কগুলোর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ