কক্সবাজারে ব্যাটারিচালিত অটোরিকশার চাকার সঙ্গে ওড়না জড়িয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত সীমা আক্তার (১৮) কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় আলমপুর এলাকার মাহবুবুল আলমের মেয়ে এবং মাদ্রাসায় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে সুগন্ধা সৈকত সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সীমার পরিবারের সদস্যরা জানান, গতকাল সোমবার দেবিদ্বার থেকে ১৭ জনের একটি দল কক্সবাজারে ভ্রমণে আসেন। আজ সকালে হোটেলে নাশতা শেষে দুটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে সৈকতের দিকে যাচ্ছিলেন তারা। সীমা চালকের পেছনের আসনে বসেছিল। চলন্ত অটোরিকশার চাকার সঙ্গে তার ওড়না জড়িয়ে যায়। চিৎকার শুনে চালক গাড়ি থামান। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী সাংবাদিকদের জানান, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’ নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।



