পাঠকমেলার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় ২০২৬-২৭ কার্যবর্ষের কমিটির কার্যনির্বাহী ও সাধারণ সদস্যদের অংশগ্রহনে একটি সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম, সদস্যদের অংশগ্রহণ, পাঠচর্চার পরিধি বৃদ্ধি এবং ভবিষ্যতের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়, দেশের বর্তমান পরিস্থিতি, সমাজ ও শিক্ষাঙ্গনের নানা প্রসঙ্গসহ সমসাময়িক বিষয়েও কথা বলে শিক্ষার্থীরা।
মতবিনিময় সভাকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচয়, ভাবনা ও অভিজ্ঞতা বিনিময় হয়। শিক্ষার্থীরা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেন এবং অন্যদের মতামত মনোযোগ দিয়ে শোনেন, যা সাধারণ আড্ডার গণ্ডি পেরিয়ে চিন্তা ও মতের আদান-প্রদানের একটি উন্মুক্ত পরিসরে পরিণত হয়। তরুণ পাঠকদের সুচিন্তিত ভাবনা, প্রশ্ন, পর্যবেক্ষণ ও প্রাণবন্ত আলাপে অল্প সময়েই মুখর হয়ে ওঠে পুরো আসর।
চায়ের উষ্ণতার সঙ্গে তরুণ পাঠকদের চিন্তা, কথোপকথন ও স্বতঃস্ফূর্ততায় জমে ওঠে পাঠকমেলার এ আয়োজন। এমন আয়োজন তরুণদের মধ্যে পাঠাভ্যাস ও বুদ্ধিবৃত্তিক চর্চাকে আরো বিস্তৃত করার পাশাপাশি পারস্পরিক সংযোগ এবং মতবিনিময়ের সুযোগ তৈরি করে, যা ভিন্ন মত ও দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনার মধ্য দিয়ে চিন্তার নতুন পরিসর সৃষ্টি করে।



