ভারতের ককরোচ পার্টি (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দাদি সাবিত্রি দীপকে (৮৫) শনিবার মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সান্তুক পিম্পরি গ্রামে বার্ধক্যজনিত জটিলতা ও দীর্ঘদিনের অসুস্থতার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। একই দিন রাজধানী দিল্লিতে দলের নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে মুম্বাই থেকে পৌঁছান অভিজিৎ দীপকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে নামার আগেই আটক করা হয়েছে। দাদির মৃত্যুর খবর অভিজিৎ জানতে পেরেছেন কি না, সেটি এখনো নিশ্চিত হয়নি।
ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস-এর বরাতে এ তথ্য জানা গেছে। সিজেপি ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে কয়েক কোটি ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলেছে। এ দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে সমাবেশ করার পরিকল্পনা ছিল দলটির। অভিজিৎ দীপকে দুজন সহযোগীকে নিয়ে সে কর্মসূচিতে অংশ নিতে দিল্লি পৌঁছান।
এদিকে অভিজিৎ দীপকের বাবা ভগবান দীপকে ও মা অনিতা বর্তমানে ছত্রপতি সম্ভাজিনগরে বাস করছেন। তাদের বাড়ির চারপাশে পুলিশ অবস্থান নিয়েছে। দাদির মৃত্যুর খবর পাওয়ার পর তারা হিঙ্গোলিতে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে অভিজিৎকে দাদির শেষকৃত্যে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
সিজেপির সমাবেশ ঘিরে দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কর্মসূচিতে অংশ নিতে আসা সমর্থকদের বাধা দিতে দেশের বিভিন্ন এলাকা থেকে দিল্লিগামী ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি যন্তরমন্তরে জনসমাগম নিয়ন্ত্রণে দিল্লির মেট্রো পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় পুলিশ বাহিনীর প্রায় ২৩ হাজার সদস্য।







