যশোরের কেশবপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানক্ষেতের পাশ থেকে এক যুবক ও এক যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কেশবপুর থানার পুলিশ। তাদের বয়স ৪৫ থেকে ৫০ বছর হতে পারে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার রাত ৮টার দিকে লাশ দুটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে কেশবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
ঘটনাস্থলে থাকা কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান ডেইলি বরিশাল-কে জানান, লাশের সুরতহাল রিপোর্ট করা হবে ফরেনসিক বিভাগের দল আসার পর। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে থানায় আনা হবে।
পুলিশ জানিয়েছে, লাশের একটির শরীরে গামছা জড়ানো এবং অন্যটি ম্যাক্সি পরা ছিল। এটি হত্যাকাণ্ড কিনা, অন্য কোথাও হত্যা করে এখানে লাশ ফেলে দিয়ে গেছে কিনা—এমন প্রশ্নের উত্তরে ওসি জানান, তদন্ত না করে কিছু বলা যাবে না।



