মিরপুর টেস্টের প্রথম দিন আকাশে মেঘ থাকায় আগে থেকেই ফ্লাড লাইট জ্বালিয়ে রাখা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে আকাশে কালো মেঘের পরিমাণ বাড়ায় অবশেষে আজকের দিন শেষ ঘোষণা করেন আম্পায়াররা। প্রথম দিন শেষে ৭৪ ওভারে ৩ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ২১৩ রান। ওপেনার সাদমান ইসলাম ব্যক্তিগত ৯৯ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে উইকেটে টিকে ছিলেন লিটন দাস।
দিনের শুরুতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি, ব্যক্তিগত ১৯ রানেই সাজঘরে ফিরেছেন। এছাড়া তানজিদ হাসান ৭ ও মুমিনুল হক ২৮ রান করে আউট হয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এদিন ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন মুমিনুল।
তাওহিদ হৃদয় ৪২ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন। তার পরিবর্তেই মাঠে নেমেছিলেন লিটন, দিন শেষ হওয়া পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে ১০ রান।



